রমজানের পবিত্রতা রক্ষার্থে ক্লাব ও বার বন্ধে মেয়র খোকনের আহ্বান
নিউজ ডেস্ক : রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল- রেস্তোরাঁ, ক্লাব, বারের মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আজ মঙ্গলবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।
মেয়র আরও জানান, জনস্বার্থ রক্ষায় দিনের বেলায় রোজাদারদের যেন কোনও সমস্যা না হয় সে জন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে খাবার হোটেল চালানো যাবে।
সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ও আহবান জানান মেয়র সাঈদ খোকন।
এছাড়া রমজানে নাগরিকদের সুবিধার্থে ঢাকা দক্ষিণের সব এলাকায় সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসাকে অনুরোধ করেন তিনি। প্রয়োজনের গাড়ি দিয়ে পানি সরবরাহ করার কথাও জানান তিনি।
মেয়র আরও বলেন, রমজান মাসে সারাদেশের মানুষ কেনাকাটা করতে ঢাকায় আসেন, অফিসের সময় পরিবর্তন হয়, এছাড়া নানা কারণে রাজধানীর রাস্তায় মানুষের অনেক বেশি চাপ থাকে। এ অবস্থায় রাস্তায় বা ফুটপাতে ইফতার সাজিয়ে নিয়ে বসলে একটি জটিল আকার ধারণ করবে। ফুটপাতে ইফতার সামগ্রীর দোকান বসানো যাবে না, যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না।
সভায় ফল বিক্রেতাদের উদ্দেশ করে মেয়র সাঈদ খোকন বলেন, ফলের মধ্যে কোনও প্রকারেই অতিরিক্ত ফরমালিন মেশানো যাবে না। আমরা এ ব্যাপারে কোনও প্রকার ছাড় দেব না। আপনারা দয়া করে খাদ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। কোনও ক্রমেই কোনও রোজাদার ভাই কিংবা কোনও নাগরিক এই খাদ্যদ্রব্য গ্রহণ করে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পিছপা হবে না।
এছাড়া রাস্তা সংস্কার, দ্রুত বর্জ্য অপসারণ, মশার ওষুধ ছিটানো, নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। পাশাপাশি পহেলা রমজান থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানান মেয়র।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ী, ক্লাব কর্মকর্তা, ফল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আরটিভি অনলাইন










