শপথ গ্রহণের পেছনে কোনো সমঝোতা হয়েছে কি না, বিএনপির কাছে মান্নার প্রশ্ন
নিউজ ডেস্ক : বিএনপির নির্বাচিত চারজনের শপথ গ্রহণের পেছনে কোনো সমঝোতা হয়েছে কি না, তা খোলসা করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিএনপির জোটসঙ্গী এই নেতা বলেন, ‘যদি সমঝোতা হয় তা হলে সেই সমঝোতাটা খোলাখুলি বলেন, কী সমঝোতা হয়েছে?’
মান্নার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সমঝোতা করলে অনেক আগেই সমঝোতা করতে পারত। বেগম খালেদা জিয়া যদি সমঝোতা করতেন তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতেন, অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না… এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে।’
একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছিল। গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ।পরে তাকে বহিষ্কার করে বিএনপি।
কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন শপথ নেওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বদলের কথা জানান মির্জা ফখরুল।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তারা শপথ নিয়েছেন বলে রাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান।
হঠাৎ করে বিএনপির এই অবস্থান বদলকে সঠিক মনে করছেন না মাহমুদুর রহমান মান্না।
বিএনপির সঙ্গে জোট করে একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হওয়া মান্না বলেন, ‘আমি সবার কাছে আবেদন করে বলতে চাই, আমাদের লড়াই ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আপসকামিতায়-সহযোগিতা-সহমর্মিতায়-সমঝোতায় আপনি জিততে পারবেন না।’
সমঝোতা হয়ে থাকলে বিএনপি তার ভাগেরটা এখনও বুঝে পায়নি বলেও মনে করছেন নাগরিক ঐক্যের এ নেতা। দৈনিক আমাদের সময়










