মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী বললেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের এগিয়ে যাওয়া থমকে যাবে, যদি আমাদের পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করতে না পারি। পুঁজিবাজারটি এখন নিয়ন্ত্রণে নাই আমি বলব। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নাই এটা বলব না। তবে পূঁজিবাজারে যেসকল সমস্যা আছে এরইমধ্যে আমরা চিহ্নিত করেছি। সবগুলোই এক এক করে সমাধান দেব।’

গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আহসানুল হক টিটুর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটা দেশের অর্থনীতি যতই শক্তিশালী হয়, তার প্রতিফলনটা আমরা দেখতে পাই পুঁজিবাজারে। পৃথিবীর সারা দেশেই এভাবে পুঁজিবাজার আর অর্থনীতি সম্পৃক্ত থাকে। আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙ্গা, অত্যন্ত শক্তিশালী। কয়েক দিন আগে আইএমএফ’র সঙ্গে একাধিক বৈঠক করেছি। সেখানেও তারা আমাদের গতিশীলতা দেখে তারা অত্যন্ত উচ্ছ্বাসিত। সে সময় আরও যারা মিটিং করেছেন তারা সবাই বলেছেন বাংলাদেশকে অনুসরণ করার জন্য।’

তিনি বলেন, ‘আমি আস্বস্ত করতে পারি সরকার অর্থনৈতিক এলাকায় যেমনই ভাবে চিন্তা করে, তেমনই পুঁজিবাজার নিয়েও ততটা যত্নশীল। আমি নিজেও পুঁজিবাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে নিয়ে এক দুই দফা মিটিং করেছি, আরও মিটিং করব। মিটিং করে পুঁজিবাজারকে আর ১০টি দেশে যেভাবে চলে সেইভাবেই চালাবার জন্য চেস্টা করব। আমাদের বিচ্যুতিগুলো অবশ্যই দূর করব।’

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকবে, অবশ্যই থাকবে। তবে কতটা থাকবে সেটা এই মুর্হূতে বলতে পারব না। তবে পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য যাই কিছু করার প্রয়োজন তাই ব্যবস্থা করব।’

সংসদে ঋণখেলাপি নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী নিয়ে মুস্তফা কামাল বলেন, ‘সকলের স্বার্থে এই কাজটি করতে যাচ্ছি। এরমধ্যে অনেক বির্তক হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলছে, আমরা মাফ করে দিচ্ছি। মাফ কিন্তু সারা বিশ্বেই করে দেয়। আমাদের দেশে কিন্তু মাফ করার ব্যবস্থা ছিল না। কারণ আমাদের দেশে দেউলিয়া আইন এবং ব্যাংক আর্বিটেশন যেগুলো আছে সেগুলো কার্যকর ছিল না। সেইজন্য একবার ব্যাংকে ঢুকলে সেখান থেকে আর বের হবার পথ ছিল না। আমরা আইনগুলো কার্যকর করে সেই আইনের প্রক্রিয়া সবাইকে আমরা একটা ইকুইটেবল পরিস্থতি তৈরি করে সবাইকে আমরা এখন থেকে মাফ করার ব্যবস্থা করব। বের করে নিয়ে আসার ব্যবস্থা করব। সকল ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দিয়ে দেশের অর্থনীতি চালানো যাবে না। তবে আবার সবাইকে মাফও করা যাবে না। যারা ইচ্ছাকৃতভাবে খেলাপী হয় যায় তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অবশ্যই নিতে হবে, আমরা কঠোর অবস্থানে যেতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এটা স্বতসিদ্ধ, আমরা সবাই জানি যদি ব্যাংকিং খাত স্বাভাবিকভাবে চলতে না পারে এবং যদি ঋণের ভারে জড়জড়িত হয়ে যায়, আর যদি নন পারফর্মিং লোনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমরা আমাদের অর্থনীতির গতিশীলতা থেকে বিচ্যুত হব। আমরা সকল কিছু বিবেচনায় নিয়ে আমাদের ব্যাংক খাতগুলোর রেট অব ইন্টারেস্ট সুদের হার কমাব। সুদের হার কমানো না গেলে নন পারফর্মিং লোন কমবে না।’

নন পারফর্মিং লোন বেড়ে যাওয়ার কারণ ব্যাখা করে তিনি বলেন, ‘নন পারফর্মিং লোন তখনই বেড়ে যায়, যখন লোন নিয়ে তারা পরিশোধ করতে পারেন না। নন পারফর্মিং লোন হওয়ার কারণে সুদের হার অনেক বেশি। যখন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ঋণ পরিশোধ করতে পারে না, তখন সেখানে সঙ্গত কারণেই খেলাপি হয়ে যায়। আর ঋণখেলাপি রেখে ব্যাংকসিটগুলোর এতটাই দূরঅবস্থার মধ্যে আছে, সেগুলোকে যদি পরিষ্কার না করি তাহলে এগুলো আরও খারাপ হয়ে যাবে। সেজন্য সুদের হার মোটামুটি সহনশীল অবস্থায় নিয়ে আসতেছি। সেইটা নিয়ে নিয়ে আসতে পারলেই আমরা সফল হব, আমাদের কর্মসংস্থান বাড়বে। শিল্পকারখানাগুলো বেঁচে যাবে।’

ব্যাংকিংখাতে নাজুক অবস্থার কথা স্বীকার করতে দোষ নেই

ইসরাফিল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যাংকিং খাত অনেকের ধারণায় নাজুক অবস্থায় আছে। এটা আমাদের স্বীকার করতে দোষ নেই। প্রত্যেক দেশে এ ধরনের ঘটনা ঘটে। একটি উন্নয়নশীল দেশে সবগুলো খাতকে সুন্দর ও সমভাবে পরিচালনা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।’

তবে ব্যাংকিং খাত খুব খারাপ করছে না মন্তব্য করে তিনি বলেন, ‘এ খাত খারাপ করলে বাংলাদেশ বিশ্বের পাঁচটি মাথাপিছু প্রবৃদ্ধি অর্জনের দেশে পরিণত হতে পারতো না। সবার ওপরে এখন রয়েছে বাংলাদেশ। আমাদের সমকক্ষ দুটি দেশ। একটি চীন আর অন্যটি হচ্ছে ভারত। এই অর্জন ব্যাংককে বাদ দিয়ে হয় না। ব্যাংক একটি বড় এলাকা। আর্থিক খাত ও ব্যাংক খাতকে বাদ দিয়ে এত বড় অর্জন সম্ভব নয়। তারপরও বলব আমাদের রেট অব ইন্টারেস্ট অনেক বেশি। এখানে যে পরিমাণ ইন্টারেস্ট ধরা হয় প্রকৃতপক্ষে তা কিন্তু ব্যাংকগুলো পায় না। কয়েকদিন পরপরই এগুলো অবলোপন করতে হয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের মতো ১৪-১৫ শতাংশ ঋণের সুদ পৃথিবীর কোথাও নেই। প্রধানমন্ত্রী সব কিছু বুঝে-শুনে শিল্প ও বাণিজ্য রক্ষা করার জন্য যে সিঙ্গেল ডিজিটের কথা বলেছিলেন সেটিই গ্রহণযোগ্য ছিল। কারণ সিঙ্গেল ডিজিটের ওপরে হলে যিনি ঋণ নিয়েছেন তিনিও শোধ দিতে পারবেন না। আর যারা দিয়েছেন তারাও পাবে না। কয়েকদিন পর রাইট অফ করতে হয়। এতে দিনের শেষে দেখা যাবে ৯ শতাংশও পাচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা সুদের হারের বিষয়টির ওপর কাজ করছি। শিগগিরই সারা বিশ্বের সঙ্গে সমন্বিত করে অত্যন্ত প্রতিযোগিতামূলক রেট আমরা করব। সেই রেট অব ইন্টারেস্ট বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ইতিহাসে আর্থিক খাতের জন্য সেটা হবে টার্নিং পয়েন্ট। আর এটা না করতে পারলে আমাদের বারবার এভাবে রাইট অফের কথা চিন্তা করতে হবে। এতে ননপারফর্মিং লোন অনেক বেড়ে যাবে। দুর্বল জায়গাগুলো আরও দুর্বল হতে থাকবে। আমরা চাই না সেই কাজটি হোক। আমরা এর ওপর কাজ শুরু করেছি। এখন বাস্তবায়নের পালা। ইন্টারেস্ট আমরা কমাবো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সিঙ্গেল ডিজিটে রাখব।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক