রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষক সংকটে পাঠ্যদান ব্যাহত
সোহেল রশীদ : উত্তর জনপদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রংপুরের রংপুরের কারমাইকেল কলেজ। এই কলেজে বর্তমানে ২১ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পাঠদানে কলেজটিতে চলছে শিক্ষক সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে ২০১০ সালে বিভিন্ন বিভাগে ৭১টি শিক্ষক পদ সৃষ্টি ও অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিলেও পদগুলোর চূড়ান্ত অনুমোদন ৯ বছর ধরে ঝুলে আছে। ফলে শিক্ষক সংকটে পাঠ্যদান ব্যাহত হচ্ছে। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে কলেজ অধ্যক্ষ দাবি করেন, নতুন শিক্ষক পদ সৃষ্টির চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ। এদিকে দীর্ঘদিন শিক্ষক সংকটের মধ্যে পাঠদান করতে গিয়ে নামছে কলেজের শিক্ষার মান। অধ্যয়নরত উচ্চশিক্ষা প্রত্যাশীদের মাঝে সৃষ্টি হচ্ছে হতাশা। এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে নতুনদের মাঝেও।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের মার্কেটিং ও সমাজ বিজ্ঞান বিভাগে এখন পর্যন্ত মাস্টার্স কোর্স চালু হয়নি। এর প্রধান কারণ শিক্ষক সংকট। এ দুই বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করছেন মাত্র দুজন করে শিক্ষক। একইভাবে ফিন্যান্স ও ব্যাংকিং এবং আরবি ও দর্শন বিভাগেও শিক্ষক অপ্রতুলতা রয়েছে। এ তিন বিভাগে অনার্স ও মাস্টার্সে পাঠদান করছেন যথাক্রমে তিন, পাঁচ ও ছয়জন শিক্ষক।
এ অবস্থায় কলেজের মোট সাতটি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের মোট ৭১টি পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পত্র দেয়া হয়। পত্রে আরবি ও ইসলামি শিক্ষার জন্য আটটি, দর্শনের জন্য পাঁচটি, পরিসংখ্যানের জন্য ১২টি, সমাজ বিজ্ঞানে ১০টি, মার্কেটিংয়ে ১২টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১২টি এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ১২টি পদ সৃষ্টির কথা বলা হয়।২০১০ সালের ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব মো. খালেদ হোসেন ওই পত্র সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) সচিবের কাছে পাঠান। যেখানে তিনি প্রস্তাবিত ৭১টি নতুন শিক্ষক পদ সৃজনে সম্মতি প্রদানের জন্য সুপারিশ করেন। কিন্তু আজ অবধি তা বাস্তবায়ন হয়নি।কথা হলে কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক রাজেস কুমার সাহা বলেন, বিভাগটিতে শিক্ষক সংকট চরমে। অথচ প্রতি বছর এ বিভাগে অন্তত ৮০ জন করে শিক্ষার্থী ভর্তি হচ্ছে।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, কারমাইকেল দেশের শতবর্ষ অতিক্রম করা কলেজের মধ্যে অন্যতম। তাছাড়া রংপুর বিভাগীয় নগরীতে অবস্থিত হওয়ায় নানা দিক দিয়ে কলেজটির গুরুত্ব অনেক। কিন্তু কলেজটি বর্তমানে শিক্ষক সংকটসহ নানা সমস্যায় ভুগছে। সংকট নিরসনে এখানে নতুন শিক্ষক পদ অনুমোদনসহ মার্কেটিং ও সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালু করা খুবই জরুরি।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় হয়ে নতুন শিক্ষক অনুমোদনের বিষয়টি এখন চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তবে কবে নাগাদ পদগুলো অনুমোদন পাবে তা বলা যাচ্ছে না।উল্লেখ্য, রংপুর নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে লালবাগ এলাকায় ৯০০ বিঘা জমিতে কারমাইকেল কলেজের অবস্থান। ১৯১৬ সালের ১০ নভেম্বর কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তত্কালীন পূর্ব বাংলার গর্ভনর লর্ড টমাস ব্যারোন কারমাইকেল। বর্তমানে এখানে ১৮টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। মাস্টার্স কোর্স পড়ানো হয় ১৬টি বিষয়ে। এসব বিষয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার।










