রংপুরে খনন ও দখল মুক্ত করায় সৌন্দর্য্য ফিরে পেয়েছে নদী-খালে
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর অঞ্চলে বোরো ও আমন মৌসুমে জমিতে সেচ সুবিধা, প্রভাবশালীদের কবল থেকে দখলমুক্ত করায় প্রাণ আর সৌন্দর্য্য ফিরে পেয়েছে রংপুরের নদী ও খালগুলো। এরইমধ্যে জেলার কয়েকটি নদী ও খাল পুনঃখনন শুরু হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের খননকৃত বিভিন্ন ছোট নদী ও খাল খনন এলাকায় প্রাণ ফিরিয়ে আনতে স্কেলে ভেটার মেশিন দিয়ে পুনঃখননের কাজ চলছে। সেই সঙ্গে উদ্ধার করা হচ্ছে প্রভাবশালীদের দখলে থাকা নদীর জমি। কোথাও কোথাও বেদখল হওয়া জমিগুলো উদ্ধারে বাধার সম্মুখীন হচ্ছে।দীর্ঘদিন ধরে নদী ও খালগুলো খনন না হওয়ায় নদী ও খালগুলো মৃত অবস্থায় পড়েছিলো। খাল ও নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় তা দখল করে অনেকে চাষাবাদ করছিলেন। পানি না থাকায় ময়লা স্তুপে পরিণত হয়েছিল। কেউ কেউ পয়ঃনিষ্কাশনের পাইপ লাইন সংযোগ দিয়েছেন। পানি শূন্য হওয়ায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হচ্ছে।
খননকৃত এলাকার পীরগঞ্জের কুমেদপুরের রসুলপুর গ্রামের শরিফুল মিয়া, কাফ্রিখালের মশিউর রহমানসহ অনেকে জানান, নদী ও খালগুলো খনন করায় আগের অবস্থায় ফিরে আসবে। জমিতে জলাবদ্ধতা থাকবে না। বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যাবে আগের মত। তারা পুনঃখননের জন্য সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে উচুঁ জমিতে জলাবদ্ধতা দূরীকরণে পাইপ লাইনের মাধ্যমে জমির সঙ্গে নদী ও খালগুলোর সংযোগের কথা জানান। তা না হলে অনেকে জমি থেকে পানি অপসারণে পাড়গুলো কেটে দিতে পারে। এধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আবারো নদী ও খালগুলো ভরাট হয়ে যাবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, রংপুর বিভাগে এক হাজার ১২৫ কিলোমিটার নদী, খাল ও জলাশয় পুনঃখনন কাজ চলছে। এর ব্যয় ধরা হয়েছে ৭০৮ কোটি টাকা। এর মধ্যে ৭৭ কোটি টাকা ব্যয়ে রংপুরে ১৪১ কিলোমিটারে চারটি ছোট নদী ও তিনটি খাল রয়েছে। এগুলো হলো হচ্ছে, গঙ্গাচড়া-কাউনিয়া উপজেলায় মানস, পাীরগাছা উপজেলায় বুড়াইল, পীরগঞ্জ উপজেলায় আখিরা ও বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলায় চিকলী নদী। খাল খননে রয়েছে রংপুর নগরীর শ্যামাসুন্দরী, মিঠাপুকুরে কাফ্রিখাল ও পীরগাছায় হরিশ্বর খাল।
প্রত্যেকটি নদী ও খাল গড়ে ২০ মিটার পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। এতে করে প্রতি কিলোমিটারে সাড়ে ৪ একর জমি উদ্ধার হবে। সৌন্দর্য্য বৃদ্ধিতে নদী ও খালের দুই ধারে সামাজিক বনায়ন করা হবে। দেশের ৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ডেল্টা প্লান ২০২১ সাল পর্যন্ত এ কাজ চলবে। নদী ও খাল পুনঃখননের কাজ নকশা দেখে ও স্বচ্ছভাবে হচ্ছে।তিনি আরো বলেন, এ পুনঃখনন শেষ হলে জলাবদ্ধতা দূর হবে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে।










