দ্বিতীয় দফায় ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৭টি আসনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোট দিচ্ছেন দেশটির জনগণ।
আজ ১ হাজার ৬২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫ কোটি ৯৭ লাখ ভোটার। ভোট নেওয়া হবে ১ কোটি ৮১ লাখ ৫২৫টি বুথে।
পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট নেওয়া হবে আজ। উত্তরবঙ্গে লোকসভার মোট আসন ৮টি। তার মধ্যে দুটি আসন, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় তিনটি আসনে নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের বাকি তিনটি আসন বালুরঘাট, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তৃতীয় দফায়। ওই দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল।
দ্বিতীয় দফায় তামিলনাড়ুর সবকটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভেলোরে ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের টাকা বিলির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ফলে ওই রাজ্যে নির্বাচন হবে ৩৮টি আসনে।
দ্বিতীয় দফায় উত্তর পূর্ব ভারতের তিনটি রাজ্যের বেশ কয়েকটি আসনে ভোট রয়েছে। এই তালিকাতেই ছিল পূর্ব ত্রিপুরা আসনটি। ওই আসনে নিরাপত্তা ব্যবস্থায় খামতি থাকার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় লোকসভার আসন মাত্র দুটি। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রথম দফাতেই শেষ হয়ে গেছে।
এ ছাড়া আজ নির্বাচনে এমন বেশ কয়েকটি এমন লোকসভা আসন রয়েছে, যেগুলোতে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা লড়াই করছেন। তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মথুরা আসনটি। সেখানে এবারও প্রার্থী গতবারের জয়ী বিজেপির হেমা মালিনী। এ ছাড়া রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তার কেন্দ্র জম্মু-কাশ্মীরের উধমপুর।
১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪৩টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে।এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে এই নির্বাচন।এর মধ্যে ১১ এপ্রিল ৯১টি, ১৮ এপ্রিল ৯৭টি, ২৩ এপ্রিল ১১৫টি, ২৯ এপ্রিল ৭১টি, ৬ মে ৫১টি, ১২ মে ৫৯টি এবং ১৯ মে ৫৯টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৩ মে।
এর আগে প্রথম দফার নির্বাচন হয় গত বৃহস্পতিবার ১১ এপ্রিল।১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সেদিন প্রথম ধাপে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ৮টি আসন, মহারাষ্ট্রের ৭টি আসন, বিহারের ৪টি, অরুণাচল প্রদেশের দুটি এবং আসামের পাঁচটি, আসাম, ছত্তিশগড়ের মতো রাজ্যের ভোট অনুষ্ঠিত হয়।
ভারতীয় ভোটারদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার থেকে কম। এবারের নির্বাচনে ডিজিটাল মিডিয়ার প্রভাব খুবই বেশি। ২০১৪ সালে দেশের ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টি তে জিতে সরকার করে বিজেপি। পরাজিত হয় কংগ্রেস।
জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম ভারতের ভোটে অংশ নিচ্ছে ২ হাজারটি দল, প্রার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।










