নুসরাত হত্যা : টাকা লেনদেনে ছিলেন আ.লীগের রুহুল
ডেস্ক রিপোর্ট : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যা করার ঘটনায় প্রায় ২৫ জন জড়িত। আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি এবং সংশ্লিষ্ট পুলিশ ও আইনজীবীদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আর নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় সরাসরি জড়িত পাঁচজন। তাদের প্রত্যেকেই ইতিমধ্যে ধরা পড়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিশ্চিত করেছে, নুসরাত হত্যাকাণ্ডে এ পাঁচজন সরাসরি অংশ নেয়। তারা হলো- শাহাদাত হোসেন শামীম, জোবায়ের আহমেদ, জাবেদ হোসেন, উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনি। এদিকে নুসরাত হত্যাকা-ে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনেরও সম্পৃক্ততা পেয়েছে পিবিআই।
সূত্রের খবর, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ নুসরাতের মায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি এসএম সিরাজ উদ্দৌলার স্ত্রী সম্প্রতি ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলে তা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে দিয়েছেন। রুহুল আমিন নিজেই এসব টাকা থানা পুলিশসহ হত্যাকা-ে অংশ নেওয়া বিভিন্ন জনকে সরবরাহ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া এসব তথ্য চূড়ান্তভাবে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে নুসরাত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নাম আসার পর ফেনীতে গতকাল দিনভর আলোচনায় ছিল তার নাম। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে দেখা যায়। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে চলে যান রুহুল আমিন। সেখানে কার সঙ্গে কী কথা হয়েছে তার, তা জানা যায়নি। তবে বেরিয়ে যাওয়ার সময় তাকে খুবই বিমর্ষ দেখা গেছে। মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহল আমীন অধ্যক্ষের আস্থাভাজন ছিলেন। ক্ষমতাসীন দলের এই নেতা অধ্যক্ষের ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করেও পার পেয়ে যান অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা।
এসব অভিযোগ করেছেন মাদ্রাসা সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও সোনাগাজী পৌরসভার কাউন্সিলর শেখ মামুন। নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামরুন নাহার মনি ও জান্নাতুল আফরোজ নামে দুই ছাত্রীকে আটক করেছে তদন্ত সংস্থা পিবিআই। গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্র থেকে জান্নাতুল আফরোজকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. হোসাইন।
এর আগে সোমবার রাতে কামরুন নাহার মনিকে আটক করা হয়। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী নুসরাত হত্যাকা-ের মামলায় গতকাল রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের শ্যালিকার মেয়ে উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, যোবায়ের হোসেন, নূর উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শামীম, কামরুন নাহার মনি ও জান্নাতুল আফরোজ।
এদের মধ্যে মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। হাফেজ আবদুল কাদের নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।
হত্যার সঙ্গে জড়িত দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেনের জবানবন্দি থেকে জানা গেছে, নুসরাতকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় ৪ এপ্রিল। ৫ এপ্রিল কেরোসিন কেনা হয়। আর ৬ এপ্রিল তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিন পরীক্ষা দিতে এলে কৌশলে মাদ্রাসার তৃতীয় তলা ভবনের ছাদে ডেকে নেওয়া হয় নুসরাতকে। এর পর কেউ পা বাঁধেন ওড়না দিয়ে, কেউ কেরোসিন ঢেলে দেন পা থেকে বুক পর্যন্ত। অন্য একজন ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন গায়ে। তারা সংখ্যায় ছিলেন পাঁচজন আর পরিকল্পনা বাস্তবায়নে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট। সবই করা হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে।
জবানবন্দিতে শামীম বলেন, নুসরাতকে নিয়ে পপি ছাদে উঠলে আমরা চারজন দ্রুত তার কাছে চলে যাই। এর পর মণি ও পপি ধরে ফেলে নুসরাতকে। তখন আমি নুসরাতের মুখ চেপে ধরি। জোবায়ের নুসরাতের ওড়না ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে। আমরা নুসরাতকে ছাদে শুইয়ে ফেলি। আমি নুসরাতের মুখ চেপে মাথা ধরে রাখি। মণি তার বুক ধরে রাখে। পপি পা ধরে রাখে। আর জাবেদ পলিব্যাগে থাকা কেরোসিন নুসরাতের পা থেকে বুক পর্যন্ত ঢেলে দেয়। জোবায়ের ম্যাচের কাঠি জ্বালিয়ে নুসরাতের গায়ে আগুন দেয়।
এতে সময় লাগে প্রায় পাঁচ মিনিট। ম্যাচের কাঠি দিয়ে আগুন দিলে তা দ্রুত গায়ে ছড়িয়ে পড়ে। এর পর আমি, জাবেদ ও জোবায়ের বোরকা খুলে ফেলি। আমি প্রস্রাবখানার পাশ দিয়ে বের হয়ে যাই। জাবেদ মাদ্রাসার হোস্টেলে ঢুকে যায়। মণি ও পপি ওরফে শম্পা পরীক্ষার হলে ঢুকে যায়। অধ্যক্ষ সিরাজকে বেত্রাঘাত করেছিলেন নুসরাতের মা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বেত দিয়ে পিটিয়েছিলেন নুসরাতের মা শিরিন আক্তার।
সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা জানিয়ে শিরিন আক্তার বলেন, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমি তাকে গুনে গুনে ৪টি বেতের বাড়ি দিয়েছি। বেতটিও তার ছিল। গত ২৭ মার্চ আমি রাফিকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অধ্যক্ষ হাত-পা ছেড়ে সোফার ওপর বসে আছেন। মেয়েকে শ্লীলতাহানির বিষয়ে প্রশ্ন করার পর তিনি আমাকে রাজনৈতিক নেতা ও পুলিশের ভয় দেখান এবং অশ্লীল মন্তব্য করেন। তখন আমি স্থির থাকতে পারেনি। ভীত না হয়ে সামনে পাওয়া তার টেবিলের ওপর রাখা একটি বেত দিয়ে অধ্যক্ষকে ৪ বার বেত্রাঘাত করি।
মানববন্ধন ও বিক্ষোভ নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে গতকালও ফেনী ও সোনাগাজীতে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ব্যবসায়ীরা। বিকালে সরকারি জিয়া মহিলা কলেজ মানববন্ধন করেন। সে মানববন্ধনে বিতর্কিত অধ্যক্ষ তাহমিনা বেগমও অংশ নেন। তিনি ইতিপূর্বে নুসরাতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ছাত্রীদের মানববন্ধন করতে দেননি। দৈ.আ.স










