মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখের রঙে মাতোয়ারা বাহের দ্যাশ

news-image

হারুন উর রশিদ সোহেল , রংপুর : বাঙলা নববর্ষ উদযাপনে বাঙলা সংস্কৃতির রঙে ঢঙে মাতোয়ারা হয়ে উঠেছে বাহের দ্যাশখ্যাত উত্তরের প্রাচীনতম নগরী রংপুর। বছরের প্রথম সকালে উদিত সূর্যের আলো চারদিক ছড়িয়ে পড়ার সাথে সাথেই ঢাক-ঢোলের আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে নগরীর আশপাশ। ছড়িয়ে পড়ে পহেলা বৈশাখের ডাকে সুখ-শান্তি-সমৃদ্ধির বার্তায় বাংলাদেশকে এগিয়ে নেবার আহ্বান।

আজ রবিবার পহেলা বৈশাখে সকাল থেকেই রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় বাঙালী সংস্কৃতির প্রাণের উৎসব বাঙলা বর্ষবরণে মেতে উঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড় সব বয়সী মানুষ।অন্যদিকে রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ আয়োজনে নগরীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এই শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী ও জেলা প্রশাসক এনামুল হাবীব। এদিকে দিকে সিটি কর্পোরেশনের আয়োজনে শোভাযাত্রায়র উদ্বোধন করেন সিটি মেয়ার মোস্তাফিজুর রহমান মোস্তফা।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে রংপুর মহানগরী ছাড়াও বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও রংপুর সদর, মিঠাপুকুর, গঙ্গাচড়া উপজেলাতে বাঙলা বর্ষবরণে মাতোয়ারা ছিলো সবাই।নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় নেয়াসহ বেশ কয়েকটি পয়েন্ট ঘিরে বাড়ানো পুলিশি টহল। সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায় নি।

‘এসো হে বৈশাখ- এসো এসো’ গানে গানে পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার পাশাপাশি পুরো রংপুর জুড়ে চলছে রঙের খেলা। নগরীর পাড়া মহল্লায় রঙ খেলার দেশীয় সংস্কৃতির বহিঃপ্রকাশে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে তুলে ধরার হয় নাচে গানে ভাওয়াইয়া, জারি-সারি, ভাটিয়ালি ও বাউল সঙ্গীত।

রংপুর মহানগরী থেকে একটু দূরের গ্রামগঞ্জে নাগর দোলা, পুতুল নাচ, লাঠি খেলা, পাতা খেলা, হা-ডু-ডু, ঘুড়ি উৎসবসহ বৈচিত্রময় সব আয়োজন করা হয়। আবার কোথাও বসেছে বৈশাখী মেলা। কেউ কেউ রঙ তুলির আলপনায় বৈশাখের শুভেচ্ছা বিলিয়ে দিচ্ছে গ্রামের মেঠোপথ থেকে শহুরের দিকে। সবমিলে যেন উত্তরের সংস্কৃতি সমৃদ্ধ প্রাচীনতম এই মহানগরীরসহ পুরো রংপুর জেলা বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছে।

ভিড় বেড়েছে বিনোদন স্পটগুলোতে। রংপুর চিড়িয়াখানা, ভিন্নজগত, কালেক্টরেট সুরভী উদ্যান, চিকলী বিল, ঘাঘট প্রয়াস সেনা বিনোদন পার্কসহ আশপাশের উপজেলার ছোট বড় বিনোদন কেন্দ্রগুলোতে চলছে বৈশাখের উৎসব।

এদিকে নতুন বছরের এই দিনে ছোট-বড় সবার প্রত্যাশা আগামী দিনগুলোতে সফলার সবদ্বার খুলে বাংলাদেশ যেন সুখ-শান্তি আর সমৃদ্ধিতে মাথা উঁচু করে দাড়ায় বিশ্ব দরবারে। আলোকিত করে বাঙলা সংস্কৃতির অগ্রযাত্রা। তুলে ধরে হারানো ঐতিহ্য ও বাঙলার জয়গান। ##

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক