লোকসভা নির্বাচন: কার পাল্লা ভারী
অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে ১১ এপ্রিল। সাত পর্বে এ নির্বাচন চলবে মাসব্যাপী। সঙ্গত কারণেই রাজনৈতিক দলগুলো এ সময় রয়েছে নির্বাচনী প্রচারের একেবারে তুঙ্গে। এরই মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার ঘোষণা করেছে। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও সবচেয়ে পুরনো দল কংগ্রেস কোন চালে ঘুঁটি খেলছে, সেদিকে নজর সবার।
বিজেপি যে করেই হোক চাইছে আরেক মেয়াদে ক্ষমতা ধরে রাখতে। আর কংগ্রেস নির্বাচনী ছক সাজিয়েছে মূলত দুই ধাপে-এর একটি হলো, যে করেই হোক বিজেপির আবার ক্ষমতায় যাওয়া ঠেকানো। দ্বিতীয়টি হলো-২০১৪ সালের করুণ পরাজয়ের ক্ষত সারিয়ে লড়াইয়ের মূল ক্রীড়ানকের ভূমিকায় অবতীর্ণ হতে। এ ছাড়া আঞ্চলিক দলগুলোর ওপরও রয়েছে বড় ধরনের চাপ। এ পর্যন্ত প্রাপ্ত জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আবার সরকার গঠন করতে যাচ্ছে।
আইএএনএসের এক জরিপের ফল বলছে, সারাদেশে জাতীয় পর্যায়ে বিজেপি ভোট পাবে ৪২ শতাংশ আর কংগ্রেস পেতে পারে ৩০.৪ শতাংশ ভোট। এই হিসাবে বিজেপি জোট প্রায় ৩০০ আসনের ক্ষমতা নিয়ে নিতে পারে, যা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। এই জরিপটি ২৬ মার্চ প্রকাশিত হয়। এর আগের জরিপেও বিজেপি এগিয়ে থাকতে দেখা গেছে।
কংগ্রেস এবার মূল কৌশল নিয়েছে দারিদ্র্যতার বিরুদ্ধে ‘লড়াই’। এ লক্ষ্যে দলটি অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যূনতম ভাতা ঘোষণা করেছে, যা নির্বাচন সামনে রেখে উল্লেখযোগ্য চাল হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, দারিদ্র্যতা দেশ থেকে চিরতরে নির্মূল করা। যদিও বিজেপি বলছেÑ এটি আসলে আকাশকুসুম কল্পনা। রাষ্ট্রীয় কোষাগারে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ পাবে না কংগ্রেস। রাহুলের ওই ঘোষণার দুদিন যেতে না যেতেই নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে বলেন, ভারত মহাকাশে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছে। এর আগে এই ক্ষমতা অর্জন করেছে একমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এবার সেই সারিতে প্রবেশ করল ভারতও।
অর্থাৎ বিশ্বদরবারে ভারতের মাথা উঁচু হয়েছে। বলা বাহুল্য, সেটি বিজেপির সরকারের আমলেই। ভোটাদের মন পেতে বিজেপি সেটি কাজে লাগাবে এটিই স্বাভাবিক। কিন্তু কংগ্রেস এটিকে নাটক বলে উপহাস করেছে। বলা হচ্ছে, এই বিশেষ ক্ষমতা চাইলে কংগ্রেসের আমলেও অর্জন করা যেত কিন্তু সেটি কংগ্রেস নেতৃবৃন্দই চায়নি।
ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি নিয়েও বড় দুদল বাগযুদ্ধে নেমেছে। এই ইস্যুতে রাহুল মোদিকে ‘চৌকিদার চোর’ বলতেও দ্বিধা করেননি। এ নিয়ে অভিযোগÑ নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আম্বানি পরিবারকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে রাহুল সভা-সমাবেশে বলে বেড়ানÑ মোদি হলো ধনীদের সম্পদ রক্ষার জন্য চৌকিদার; গরিবদের জন্য নয়। একই কথা কয়েক দিন আগে জনসভায় বললেন প্রিয়াংকা গান্ধীও। যদিও উচ্চ আদালত রাফাল ইস্যুতে কোনো দুর্নীতি পায়নি। এতে হাফ ছেড়ে বেঁচেছে বিজেপি।
ভারতের রাজনীতিতে পাকিস্তান ইস্যু বড় ধরনের প্রভাব ফেলে। এবারও এটির ব্যতিক্রম হচ্ছে না। কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। সেটিকে সব দলই সমর্থন করেছিল। কিন্তু বিজেপি যে দাবি করেছিল যে, তিন শতাধিক জঙ্গি নিহত ও জঙ্গি শিবির ধ্বংস হয়েছে, সেটির প্রমাণ চেয়ে বসে বিরোধীরা। তার পরও বিজেপির গলা চড়াই ছিল। কিন্তু দুদিন পর পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করলে এবং এক পাইলটকে আটক করলে বিজেপির সুর নরম হয়। যদিও পর দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়ে ওই পাইলকে মুক্তি দেওয়া হয়। সেই বিশ্লেষকরা বলছিলেন, কারগিল যুদ্ধের মতো পুলওয়ামা হামলাকে পুঁজি করে ভোটে জিতে যাবে বিজেপি। কিন্তু বিমান ভূপাতিত করা ও পাইলট আটক হওয়ায় পরিস্থিতি বিজেপির পক্ষে থাকেনি।
এবার খতিয়ে দেখা যাক নির্বাচনে কোন কোন ইস্যু ফলকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে নারী ভোটাররা অন্যতম। আগে যেমন দেখা যেত পুরুষ ভোটারের চেয়ে নারী উপস্থিতি কমÑ সেই পরিস্থিতি পাল্টেছে। ২০১৪ সালে নারী ও পুরুষ ভোটারের কেন্দ্রে উপস্থিতির পার্থক্য ছিল খুবই কম। এ ক্ষেত্রে নারীরা কোন দিকে ভোট দেয় সেটি খুবই বিবেচ্য বিষয়। এখানে মনে রাখা ভালো, বিগত সরকারের আমলে নারীর জন্য সহিসং দেশের তালিকার শীর্ষে নাম এসেছে ভারতের।
এবার মোদি ঢেউয়ের কী অবস্থা? ২০১৪ সালে বিজেপি একমাত্র মোদি ঢেউয়ের জোয়ারেই জিতেছিল। সেই সময় বিজেপি একাই ২৮২ আসনে জয়ী হয়েছিল। ১৯৮৪ সালে দল গঠনের পর সেটি ছিল দলটির রেকর্ড। ক্ষমতায় থাকাকালে মোদির প্রচেষ্টা লক্ষণীয়। পরিশ্রমী নেতা হিসেবে সমালোচকরা মোদিকে পছন্দ করেন। এ জন্য এবারও বিজেপির খাতায় যা অর্জন থাকবে সেটি মোদির জন্যই। তবে মোদি আমলের একটি সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছে তা হলোÑ ‘নোট বাতিল’। আকস্মিকভাবে ১০০০ টাকার নোট বাতিল করায় জনসাধারণ বেশ ভোগান্তিতে পড়ে। যদিও মোদি সেটা দাবি করেছিলেন কালোটাকা বাতিল করার জন্যই তিনি তা করেছেন। তার পরও এ বিষয়টি ভোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পর থাকছে ‘গোরক্ষা’ আন্দোলন।
এ বিষয়টিও মোদি সরকারের আমলের সমালোচিত অধ্যায়। অন্যদিকে এবার কংগ্রেস বাড়তি শক্তি হিসেবে নামিয়েছে প্রিয়ংকা গান্ধীকে। দলের সাধারণ সম্পাদক করে তাকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে উত্তরপ্রদেশে শক্তিশালী আঞ্চলিক দলগুলো বিজেপিবিরোধী জোট করেছে। সেখানকার নেতা মায়াবতী ও অখিলেসরা কেমন ভোট টানতে পারে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাঁটি ধরে রাখতে মরিয়া হয়ে আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে ইতোমধ্যে নিজেদের ঘাঁটি শক্ত করেছে। সেটি স্থানীয় নির্বাচনগুলোতে স্পষ্ট হয়েছে। কাজেই বৃহৎ এই গণতান্ত্রিক দেশে নির্বাচনী হিসাবটা বেশ জটিল। তবে এটুকু বলা যায়, সব মিলিয়ে এবার নির্বাচন হবে বহুমুখী লড়াই।










