সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় অগ্নিকাণ্ডের কারণ : ফখরুল
নিউজ ডেস্ক : বনানীর ফারুক-রূপায়ন (এফআর) টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এফআর টাওয়ারের সামনে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘বহুতল ভবনটি তৈরীতে বিল্ডিং কোড কোনোভাবে মানা হয়নি, বিল্ডিং কোড অনুসরণ করেনি যারা এই বিল্ডিং তৈরি করেছেন। অগ্নিনির্বাপনের জন্য কোনো রকমের ব্যবস্থা নেই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ভবনের ভেতরে দিয়ে যে সিড়ি থাকার কথা সেই সিড়িও পর্যন্তও নেই।’
তিনি বলেন, ‘এরকম বিল্ডিং কিভাবে নির্মানের অনুমতি পায় আমরা সেটাই বুঝতে পারি না। আমরা তো দেখছি, পরপর কয়েকটি এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলো। যেটা এক কথায় বলা যেতে পারে, সরকারের অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা, যারা দায়িত্বে থাকেন তাদের অবহেলার কারণেই এ সমস্ত ঘটেছে।’
গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সকালে এখানে এসে আমাদের কাছে বলেছেন, ‘এটা দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড।’ আপনি একে কী বলবেন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাকে অবশ্যই হত্যাকাণ্ড বলতে হবে, তারা ( সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যেখানে মানুষের জীবনের প্রশ্ন সেখানে প্রত্যেকের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ফায়ার বিগ্রেডের যে সরঞ্জামাদি থাকা প্রয়োজন তা নেই।’
ফখরুল আরও বলেন, ‘একজন লোক লাফ দিয়ে পড়লো আমরা দেখেছি উদ্ধারে যে নেট থাকে সে নেট ব্যবস্থা এখানে দেখিনি। পানি বিভিন্ন জায়গা থেকে যোগাড় করে আনতে হয়েছে। দেখুন বিল্ডিংগুলো ঘন ঘন। এসবের মাঝে গ্যাপ থাকার কথা সেটাও নেই। এসব বিল্ডিং নির্মাণের যারা অনুমতি দেয়, যে কর্তৃপক্ষ; যেমন রাজউকসহ অন্যান্য যারা আছে তাদের অবহেলার কারণে এটা হয়েছে।’
এই ঘটনার জন্য কাকে আপনি দায়ী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা মুশকিল হবে। সার্বিকভাবে সরকারেরই পরিচালনা করছেন যারা তাদের সার্বিক দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে তাদেরকে এ বিষয়ে দায়-দায়িত্ব তো গ্রহণ করতেই হবে। আমরা আগেই বলেছি, দেশে একটা নৈরাজ্যের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো জবাবদিহিতা নেই, কারো কাছে কোনো একাউন্টেবিলিটি নেই। সেই কারণে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এক অফিস মালিক ফয়জুর রহমান হিরুকে পাশে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এখানে দেখার জন্য এসেছিলাম। আমার এক ছাত্রের এখানে একটা অফিস ছিলো। সে (ফয়জুল রহমান হিরু) এখানে নিজেই আছে। তার একই অফিসে ৯ জন মারা গেছেন এবং আরও তিনজন হাসপাতালে আইসিইউতে আছে। এটা হৃদয় বিদারক মর্মান্তিক একটি অগ্নিকাণ্ড যা আমাদের সকলকে অত্যন্ত মর্মাহত করেছে। এটা স্তব্ধ হয়ে যাওয়ার মতো। এই যে মানুষগুলো চলে গেলো তাদের পরিবার-পরিজনদের বিষয়গুলো-কি ভয়াবহ মর্মান্তিক। উপরে সাফোকেশনের কারণে তারা চলে গেলেন। এটা আমি মেনে নিতে পারি না, আমরা কেউ মেনে নিতে পারছে না এই ধরনের মৃত্যু।’
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আজকে দুর্ভাগ্যজনক যে, পরপর কয়েকটি অগ্নিকান্ডের দূর্ঘটনা সংঘটিত হয়ে গেলো কিন্তু সরকার সেই ভাবে অ্যাফেক্টিভ কোনো মেজার নিতে ব্যর্থ হচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে যে, সার্বিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের জন্যে এসব সংঘটিত হচ্ছে। একই সঙ্গে যে জবাবদিহিতার যে ব্যবস্থা নেই- সেই কারণে আজকে এই সব দুঘর্টনাগুলো এভাবে সংঘটিত হচেছ তার কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এই ক্ষেত্রে আমাদের ফায়ার বিগ্রেডকে আরো বেশি শক্তিশালী দরকার, তাদের আধুনিক যন্ত্রপাতি-সরঞ্জামাদি দরকার যাতে মানুষজনকে রক্ষা করা যায়। আজকে উন্নয়নের কথা বলা হচ্ছে- এই যে বেসিক কতগুলো ফান্ডামেন্টাল উদ্যোগ তার প্রতি নজর দেয়া হচ্ছে না। আমরা আশা করবো, এরপরে হয়ত সরকার সজাগ হবেন এবং তাদের যে বিভাগগুলো আছে তাদেরকে অন্তত মানুষের জীবন রক্ষার স্বার্থে আন্তরিক হবেন।’
এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।










