মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চে হামলা : নিহতদের জাতীয়ভাবে স্মরণ

news-image

অনলাইন ডেস্ক : ক্রাইস্টচার্চে একসঙ্গে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ১৪ দিন পর, নিহতদের জাতীয়ভাবে স্মরণ করল নিউজিল্যান্ড। আজ শুক্রবার স্থানীয় হ্যাগলে পার্কে জড়ো হন ২০ হাজারের বেশি মানুষ। এ সময় মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ান খোদ প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ গোটা মন্ত্রিপরিষদ।

নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম হেরল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থনার পাশাপাশি গান, স্মৃতিকথার মাধ্যমে স্মরণ করা হয় ক্রাইস্টচার্চ হামলায় নিহত ৫০ জনকে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার ভাষণে বলেন, ‘সমাজ থেকে বিদ্বেষের ভাইরাস দূর করা অসম্ভব। কিন্তু নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে নিউজিল্যান্ডকেই। মানবিকতার মাধ্যমে রুখে দিতে হবে চরমপন্থা।’

তিনি আরও বলেন, ‘উন্নত জীবন এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্যেই এসব মানুষ নিউজিল্যান্ডে এসে ছিলেন। নিহতরা আসলে আমাদেরই অংশ। তাদের স্মৃতি দায়িত্ববোধ বাড়িয়ে দিলো। নিউজিল্যান্ডকে বৈচিত্র্যপূর্ণ-ধৈর্য্যশীল রাষ্ট্র হিসেবে ধরে রাখার দায়ভার এখন বাকিদের। এখানে সন্ত্রাসবাদ, ধর্ম-বর্ণ বিদ্বেষ, চরমপন্থা, সহিংসতার কোন স্থান নেই। প্রত্যেকে নিজের অভিমত, ধর্মীয় মতাদর্শ প্রকাশের সুযোগ পাবেন।’

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে স্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে পাঁচজন বাংলাদেশিসহ ৫০ জন মুসলমান নিহত হন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।

এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন সদস্য, যারা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলার আগে আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।

হামলাকারী ব্রান্টন ট্যারেন্ট একজন অস্ট্রেলিয় নাগরিক। নিজেকে শ্বেত শ্রেষ্টত্ববাদী হিসেবে অভিহিত করা ২৮ বছর বয়সী এই তরুণকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর