ব্রেক্সিটের সামনে যেসব পথ খোলা রয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার চুক্তিতে পার্লামেন্টের সমর্থন পেতে শেষ চেষ্টা হিসেবে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে।
ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটিয়ে উঠতে নিজেদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গভীর সংকটে পড়েছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি যেমন রয়েছে, তেমনটি কোনো বিকল্পও দেশটির সামনে থাকছে না আর।-খবর এএফপির
অনেকটা নাটকীয়ভাবেই মে ঘোষণা দিয়েছেন, সম্পর্কচ্ছেদ চুক্তিতে এমপিদের সমর্থন পেতে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন।
বিকল্প পরিকল্পনায় আশায় হাউস অব কমনস এক নজিরবিহীন ভোটে অংশ নিতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এমন প্রস্তাব দিয়ে বসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু এটি শেষ পর্যন্ত এমপিদের মধ্যে বিভক্তি চরমে নিয়ে গেছে।
চুক্তিসহ ২২ মের মধ্যে সম্পর্কচ্ছেদ
গত বছরের নভেম্বরে লন্ডন ও ব্রাসেলসের মধ্যে বিচ্ছেদ চুক্তির খসড়া অপ্রত্যাশিত প্রান্তিকে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ এমপিরা। পার্লামেন্টে পর্যাপ্ত সমর্থন পেলে এ চুক্তির ওপর নতুন একটি ভোটের আয়োজন সামনে চলে আসতে পারে। এতে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটা দীর্ঘ মধ্যবর্তী সময়ের কথা বলা আছে।
ইতিমধ্যে চুক্তিটি নিয়ে বেপরোয়া মনোভাব দেখা গেছে ব্রিটিশ এমপিদের মধ্যে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেই ফেলেছেন, এমপিরা যদি তার চুক্তিতে সমর্থন দেন, তবে ইউরোপের সঙ্গে পূর্ণোদ্যমে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন।
যদি শেষ পর্যন্ত এমনটি ঘটেই থাকে, তবে আগামী ২২ মের মধ্যে ইউরোপ ছাড়বেন ব্রিটিশরা। আর গ্রীষ্মের যেকোনো সময় পদ থেকে সরে দাঁড়াবেন মে।
তেরেসা মের জায়গায় বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে ডেভিড লিডিংটন, মাইকেল গভ, বরিস জনসন, জেরেমি হান্ট, সাজিদ জাভিদ ও ডমিনিক রব রয়েছেন।
১২ এপ্রিল চুক্তি ছাড়াই ব্রেক্সিট
চুক্তিটি পাস না হলে কিংবা অন্যকোনো উপায়ে ঐকমত্যে না পৌঁছলে কোনো চুক্তি ছাড়াই ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ব্রিটেন। এতে দুপক্ষের ওপরই অর্থনৈতিক আঘাত নেমে আসতে পারে। ঝুঁকি প্রশমনে প্রস্তুতি সত্ত্বেও সীমান্তের তল্লাশিচৌকিগুলোতে মারাত্মক বিলম্ব ঘটতে পারে।
সোমবার ইউরোপীয় কমিশন বলছে, এটিই সবচেয়ে বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া চুক্তি ছাড়াই ব্রেক্সিটের ব্যাপারে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে সংস্থাটি।
তবে চুক্তিবিহীন ব্রেক্সিটের কথা তেরেসা মেও উড়িয়ে দেননি। যদিও এমপিরা এ যাবত চুক্তি ছাড়া ব্রেক্সিটত্যাগের ব্যাপারে ভোট দিয়ে এসেছেন।
নতুন পরিকল্পনা, দীর্ঘসূত্রতার ব্রেক্সিট
বুধবার এমপিরা একটি নির্দেশক ভোটের আয়োজন করেছিলেন। এতে ইউরোপ থেকে ব্রিটেনের সরে আসার চুক্তিতে ছেদ পড়তে পারে এবং তেরেসার কিছু শেষ সময়সীমার সতর্কবার্তাও উঠিয়ে নেয়া হতে পারে।
ব্রেক্সিটের বিকল্প আটটি প্রস্তাবের একটিও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদিও আগামী সোমবার ফের চেষ্টা করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে ইউরোপীয় কাস্টমস ইউনিয়নে ব্রিটেনের থাকা এবং অনুচ্ছেদ ৫০ বাতিলের কথা বলা হয়েছে।
যদি এসবের কোনোটিতে ঐকমত্যে পৌঁছাতে না পারে ব্রিটেন, তবে ইউরোপীয় নেতাদের জন্য আরেকটি প্রস্তাবের হতে পারে। ১২ এপ্রিলের সময়সীমাকে ধরে আরও দীর্ঘ সময় নিতে পারেন ব্রিটিশরা। এর অর্থ হচ্ছে- মে মাসের শেষ দিকে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
ইউনিয়ন নেতাদের ইউরোপের নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশন পরামর্শ দিয়েছে, ব্রেক্সিটের বিলম্ব দীর্ঘ হলে সেটি ২০১৯ সালের শেষ নাগাদ গিয়ে ঠেকবে। এ ছাড়া ব্রেক্সিট কৌশলে যথাযথ পরিবর্তন আনতে আরও বিলম্ব ঘটতে পারে।
প্রধানমন্ত্রী তেরেসা মে যদি পদত্যাগ করেন, তবে প্রধানমন্ত্রী পদে পরিবর্তনের জন্য সময় নেয়া হতে পারে। এ ছাড়া আরও বিকল্পও রয়েছে। তা হচ্ছে- একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া কিংবা দ্বিতীয় গণভোট।
ব্রেক্সিট বন্ধ
এখন পর্যন্ত যেসব সম্ভাবনার কথা ভাবা হচ্ছে, তার শেষ মাথায় রয়েছে ব্রেক্সিট বন্ধ করে দেয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য একটি দ্বিতীয় গণভোটের জন্য পাঁচ থেকে ১০ লাখ লোক শনিবার রাস্তায় নেমে আসতে পারেন।
ইউরোপীয় কোর্ট অব জাস্টিস জানিয়েছে, ব্রিটেন এককভাবেই অনুচ্ছেদ ৫০ বাতিল ঘোষণা করতে পারে।
সাধারণ নির্বাচন
যদি পার্লামেন্ট ও সরকারের মধ্যে অচলাবস্থা চলতেই থাকে, তবে একটি সাধারণ নির্বাচনের ডাক দিতে পারেন তেরেসা মে।
এতে নতুন করে পার্লামেন্ট গঠন করা হবে এবং সংখ্যাগরিষ্ঠ সরকার শক্তিশালী প্রশাসন গড়তে পারবে।










