মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টায় তিন কেন্দ্রে ৪৩ ভোট

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় রোববার সকাল ৮টা থেকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। চলবে ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে ঘুরে সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম দেখা যায়।

লক্ষ্মীপুর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিতে ভোটারদের কোনও লাইন চোখে পড়েনি। এ দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট পড়েছে।

অপরদিকে রায়পুর উপজেলার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি। এই কেন্দ্রে ১ হাজার ৩১ মহিলা ভোটারের মধ্যে দুটি বুথে ৩টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার কামরুল হাসান। আর পুরুষ বুথের চারটির একটিতেও কোনও ভোটই পড়েনি। বাকি তিনটিতে ৩০ ভোট পড়েছে বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দিন জানান, প্রথম এক ঘণ্টায় ভোট পড়ছে ২২টি।
এদিকে প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে শক্তিশালী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় ১ হাজার ৯শ’ পুলিশ সদস্য, ১১ প্লাটুন (২২০ জন) বিজিবি, ১০ প্লাটুন (৮০ জন) র‌্যাব ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানান পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এছাড়া সুষ্ঠু ভোট অনুষ্ঠানে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর