উত্তর কোরিয়ার দূতাবাসে কী ঘটেছিল?
অনলাইন ডেস্ক : স্পেনের মাদ্রিদে গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার দূতাবাসে যে হামলা হয়েছিল তা নিয়ে কোরিয়া, যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে এখনো উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। দূতাবাসে হামলার ঘটনায় একের পর এক তথ্য বেরিয়ে আসছে। স্পেনের জাতীয় পুলিশ বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছেন তারা।
সেদিন উত্তর কোরিয়ার দূতাবাসে ঠিক কী হয়েছিল, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তাধীন থাকায় দূতাবাসে হামলার বিবরণ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন পুলিশ। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সেদিনের ঘটনা সামনে এনেছে স্প্যানের জনপ্রিয় সংবাদমাধ্যম এল পাইস।
এল পাইস-এর খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ১০ জন মুখোশধারী উত্তর কোরিয়ার দূতাবাসে ‘ভূয়া’ অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে থাকা দূতাবাস কর্মীদের বেঁধে মারধর এবং জিজ্ঞাসাবাদ করে।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানায়, মুখোশধারী ব্যক্তিরা দূতাবাসের কর্মকর্তাদের রশি দিয়ে বেঁধে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র একটি বিলাসবহুল গাড়িতে করে পালিয়ে যায়। হামলার সময়ই দূতাবাস থেকে এক নারী পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। আশপাশে যারা ছিলেন তাদের সবাইকে সতর্কও করে দেন তিনি। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় মুখোশধারীরা।
ঘটনাটি এমন সময় ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছিলেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি স্পেনের অভ্যন্তরীণ ঘটনা এবং তদন্তাধীন বিষয়। এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্পেনের প্রধান একটি সংবাদমাধ্যম দাবি করেছে, মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাসে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সংযোগ রয়েছে বলে তদন্তকারীরা খুঁজে পেয়েছেন। তবে মার্কিন সরকারের একটি সূত্র দাবি করেছে, হামলার পেছনে উত্তর কোরিয়ার বিদ্রোহী গ্রুপ ‘চেওলিমা সিভিল ডিফেন্স’ জড়িত।
গত বছর মালয়েশিয়ায় খুন হন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ‘সৎ’ ভাই কিম জং নাম। নামের কথিত ছেলে কিম হান-সোলের একটি ভিডিও কিছু দিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, ‘আমি উত্তর কোরিয়া থেকে কিম হান-সোল। কিম পরিবারের একজন।’
ওই ভিডিওতে কিম হান-সোল জানান, তিনি তার মা ও বোনের সঙ্গে আছেন। তবে কোথায় আছেন এবং ভিডিওটি কখন ধারণ করা হয় এসব ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করা হয় কিম জং নামকে। মালয়েশিয়া সরকার জানায়, উত্তর কোরিয়া এ হত্যার সঙ্গে জড়িত। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বিষয়টি বারবার অস্বীকার করা হয়েছে।
কিম জং নামের ছেলের ভিডিওটি কিছু দিন আগে ইন্টারনেটে পোস্ট করে উত্তর কোরিয়ার বিদ্রোহী গোষ্ঠি ‘চেওলিমা সিভিল ডিফেন্স’। যুক্তরাষ্ট্র দাবি করছে, বাবার হত্যার প্রতিশোধ নিতেই স্পেনে উত্তর কোরিয়ার দূতাবাসে হামলা চালিয়েছে কিম হান-সোল।
চেওলিমা সিভিল ডিফেন্স নিয়ে টিফ্টস ইউনিভার্সিটির অধ্যাপক সুং-ইউন লি বলেন, ‘এটি দ্রুত কাজ করা একটি টিম। কিম জং নামের ছেলে কিম হান-সোল তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে সিভিল ডিফেন্সটি পরিচালনা করেছেন। দূতাবাসে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে।’
নাম উদ্ধৃত না করে স্প্যানিশ একটি মিডিয়া বলছে, মাদ্রিদে দূতাবাসে হামলার ঘটনায় উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত কিম হিউক চোলের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনায় শীর্ষ আলোচকদের মধ্যে একজন ছিলেন কিম। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় তাকে ২০১৭ সালে স্পেন থেকে বহিষ্কার করা হয়েছিল।










