বায়ু দূষণ: হেলথ অ্যালার্ট জারির সুপারিশ
ডেস্ক রিপোর্ট : বিশ্বের সর্বাধিক দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকার আগে আর মাত্র একটি শহরের নাম রয়েছে। দেড় কোটিরও বেশি অধিবাসী অধ্যুষিত ঢাকা নগরীতে দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এটি আরও বেড়ে গেছে মাত্রাতিরিক্ত ধুলার কারণে। এ অবস্থায় ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় ‘হেলথ অ্যালার্ট’ জারি করার উদ্যোগ নিচ্ছে সরকার।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, সিএএসই’র তথ্য অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে বায়ুদূষণের মান (একিউইউ) ছিল ৩৯৩। এ মাত্রাকে বলা হয় চরম অস্বাস্থ্যকর। একই দিন ঢাকায় ছিল একিউইউ ১৯১। বিশ্বের অনেক দেশে এ ধরনের পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।
এ দেশের সরকারও বায়ুদূষণের মাত্রা একিউইউ তিনশ ছাড়িয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন হেলথ ইমার্জেন্সি জারি করে, সে উদ্যোগ নিচ্ছে। জানা গেছে, বায়ুদূষণ রোধ ও মানবস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য, গণপূর্ত, এলজিআরডি, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ যদি শূন্য থেকে ৫০ পিপিএমের মধ্যে থাকে, তা হলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলা হয়।
সংসদীয় কমিটির গতকালের বৈঠকে সুপারিশ করা হয় কোনো এলাকায় বায়ুদূষণের মাত্রা ৩০০ পিপিএম ছাড়িয়ে গেলে ওই এলাকায় হেলথ অ্যালার্ট জারির। সর্বশেষ বৈশ্বিক তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ঢাকা। এর উপরে এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি। ঢাকার পরেই তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি, চতুর্থ চীনের বেইজিং। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতে। আর এ দূষণের জেরে সর্বাধিক ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিবেশ মন্ত্রণালয় সূত্র জানায়, বাতাসে ভাসমান বস্তুকণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম) পরিমাপ করা হয় প্রতিঘনমিটারে মাইক্রোগ্রাম (পিপিএম-পার্টস পার মিলিয়ন) এককে।
এসব বস্তকণাকে ১০ মাইক্রোমিটার ও ২.৫ মাইক্রোমিটার ব্যাস শ্রেণিতে ভাগ করে তার পরিমাণের ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করেন গবেষকরা। বাংলাদেশের সিটি করপোরেশন এলাকার ১১টি স্থানের বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাস পর্যন্ত অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ নিয়মিত পরিমাপ করা হচ্ছে ‘সিএএসই’ প্রকল্পের মাধ্যমে। সংসদীয় কমিটির বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে বায়ুদূষণের মাত্রা ৪০০ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল, যে মাত্রা জনস্বাস্থ্যের জন্য খুব খুব ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভাল্যুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদন বলছে, বায়ুতে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে ভয়ঙ্কর উপাদান হচ্ছে পিএম ২.৫। এত দিন এ উপাদান সবচেয়ে বেশি নির্গত করত চীন। গত দুই বছরে ওই দূষণকারী স্থানটি দখল করে নিয়েছে ভারত। ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপানের টোকিও শহর। প্রতিবেদনটিতে মূলত কৃত্রিম উপগ্রহ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বায়ুদূষণের পরিমাণ পরিমাপ করা হয়েছে। দৈ.আ.স










