মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমার মতো বিস্ফোরিত হয় নকল সুগন্ধি তৈরির রাসায়নিক

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি রাতে সংঘটিত ভয়াবহ আগুনের সূত্রপাত হয় নকল পারফিউম বা সুগন্ধিতে ঠাসা হাজি ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই। এই সুগন্ধি তৈরিতে ব্যবহৃত দাহ্য পদার্থ আগুনের সংস্পর্শে এসে সেদিন বোমার মতো বিস্ফোরিত হয়েছিল। আর তাতেই কিছুক্ষণের মধ্যে নরকে পরিণত হয় গোটা এলাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর এবং বিএসসি প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) আলাদা আলাদা তদন্তে আগুনের উৎস ও ভয়াবহতার কারণ অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এরই মধ্যে আইইবির তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক পরিদপ্তর গঠিত তদন্ত কমিটির দুটি প্রতিবেদন আজ বুধবার স্বরাষ্ট্র এবং জ্বালানিমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার কথা রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও অচিরেই তাদের তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে।

তদন্ত কমিটিগুলো অগ্নিকা-ে দগ্ধ, আহত, প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণের পাশাপাশি ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসব প্রতিবেদন তৈরি করেছে। প্রতিটি তদন্ত কমিটিই বলছে, ওয়াহেদ ম্যানশনের দোতলায় থাকা নকল সুগন্ধি তৈরির কারখানাতে অসাবধানতায় আগুন জ্বালানো বা বৈদ্যুতিক শটসার্কিটে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের উৎপত্তি হয়েছিল।

তবে অগ্নিকা-ের পেছনে দাহ্য পদার্থ বা রাসায়নিকই দায়ী। তাই ভবিষ্যতে নিমতলী বা চকবাজারের মতো মর্মান্তিক প্রাণহানি এড়াতে পুরান ঢাকা তথা আবাসিক এলাকায় সব ধরনের দাহ্য পদার্থ বা বিস্ফোরকের মজুদ, বিক্রি ও কারখানা বন্ধ, অগ্নিনির্বাপণ গাড়ির যাতায়াতে ট্রাফিক ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের পন্থা সম্বলিত সুপারিশ থাকছে তদন্ত প্রতিবেদনে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধিভুক্ত বিস্ফোরক পরিদপ্তর গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও প্রধান বিস্ফোরক পরিদর্শক শামসুল আলম জানান, তারা তদন্ত শেষ করেছেন।

এখন প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষায় আছেন। আগুনের সূত্রপাত ও ভয়াবহতার কারণ সম্পর্কে তিনি বলেন, ওয়াহেদ ম্যানশনের দোতলায় ক্লারিজ, স্টারলিংসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল পারফিউমের কৌটা ভর্তি করা হতো। এসব পারফিউম তৈরির জন্য সেখানে উচ্চমাত্রার দাহ্য পদার্থ আইসো-প্রোফাইল অ্যালকোহলের মজুদ ছিল। ধারণা করা হচ্ছেÑ বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল, সিগারেটের আগুন বা অন্য কোনো কারণে সৃষ্ট আগুন এসব দাহ্য পদার্থের সংস্পর্শে এসে শক্তিশালী বোমার মতো বিস্ফোরণ ঘটে। ওয়াহেদ ম্যানশনের নিচের রেস্তোরাঁ বা বাইরের পিকআপে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের কোনো প্রমাণ মেলেনি।

বিস্ফোরক পরিদপ্তরের সুপারিশে বলা হয়, পুরান ঢাকাসহ রাজধানীর আবাসিক এলাকা থেকে ২৯ ধরনের রাসায়নিকের গুদাম বা কারখানা দ্রুত সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি অবৈধ কারখানা ও গুদাম বন্ধে সরকার সংশ্লিষ্ট সব সংস্থা বা টাস্কফোর্সের যৌথ অভিযান চালাতে হবে। আইইবির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহেদ ম্যানশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল না।

বিদ্যুৎ বিতরণ লাইনেও শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। দূরের ট্রান্সফরমারও অক্ষত রয়েছে। আবার ভবনের নিচে থাকা প্লাস্টিক দানা বহনকারী পিকআপটি ছিল ডিজেলচালিত। এতেই স্পষ্ট হয় যে, সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়নি। আইইবির তদন্তে আরও বলা হয়েছে, মসজিদের পাশের সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা গেছে ওয়াহেদ ম্যানশনে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভেতরের পারফিউমের ক্যান এসে রাস্তায় পড়ে।

তাতে ধারণা হচ্ছে দ্বিতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত। এ ছাড়া ভেতরে বিপুল পরিমাণ অতি দাহ্য পদার্থ থাকায় আগুন লাগার পর বিস্ফোরণে দেয়াল ভেঙে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি বলছে, ব্যবসায়ীরা গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বললেও দাহ্য পদার্থ অগ্নিকা-ের পেছনে দায়ী। ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পুরান ঢাকার সড়কগুলো একমুখীকরণ, দাহ্য পদার্থ স্থানান্তর, সড়ক প্রস্তুতকরণ, নজরদারি ব্যবস্থা জোরদারসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। কমিটির প্রধান (অতিরিক্ত সচিব-অগ্নি শাখা) প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের প্রতিবেদন তৈরি শেষ।

এখন তা মন্ত্রীর কাছে দাখিলের অপেক্ষায় রয়েছে। এর আগে কিছু বলা যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি সূত্র জানায়, ২০১০ সালের ৩ জুন নিমতলীতে রাসায়নিকের কারণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকা-ে ১২৪ জনের প্রাণহানির তিন দিন পর সরকারের করণীয় সম্পর্কে তৎকালীন খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল পুরান ঢাকাসহ মহানগর এলাকায় থাকা রাসায়নি গোডাউন ও কারখানার তালিকা তৈরির পর সেগুলো কেরানীগঞ্জের সোনাকান্দায় স্থানান্তর। এ বিষয়ে রাসায়নিক গুদাম ও কারখানা সড়াতে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তিও করতে চায় সরকার।

এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির খসড়ায় ওই বছরের ২৩ অক্টোবরের মধ্যে বাংলাদেশ অ্যাসিড মার্সেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউম মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেইন্ট ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মতামত চাওয়া হয়; কিন্তু তাদের সাড়া না পেয়ে ২০১৫ সালের পহেলা এপ্রিল রাসায়নিক ব্যবসায়ী, বিসিক ও ফায়ার সার্ভিসের মধ্যে ত্রিপক্ষীয় সভা হয়।

কিন্তু সেখানেও কারখানা ও গুদাম স্থানান্তরের ব্যাপারে রাসায়ণিক ব্যবসায়ীরা কোন মতামত দেননি। একই বছরের ২৮ জুলাই আবার এ সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সেখানে তিনটি রাসায়নিক ব্যবসায়ী সংগঠনের মধ্যে দুটির দুজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর পর ১০ আগস্ট সম্ভাব্য চুক্তির দিনসহ যতগুলো সরকারি সভার আয়োজন করা হয়েছিল, তার কোনোটিতেই অংশ নেয়নি ব্যবসায়ী সংগঠনগুলো।

তদন্ত কমিটির এক সদস্য বলেন, ব্যবসায়ী নেতাদের না পেয়ে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি দুর্যোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ণ বিভাগ, রাজউক, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তর, বিস্ফোরক অধিদপ্তরকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের অধীনে রাসায়নিক গুদাম ও কারখানাগুলো কেরাণীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়; কিন্তু ব্যবসায়ীদের বাধা আর সিটি করপোরেশনের ভোটের রাজনীতিতে সব উদ্যোগ ভেস্তে যায়। তাই ব্যবসায়ী সংগঠনের অনীহাকে অগ্নিকা-ের পেছনে বড় দায় হিসেবে ধরা হচ্ছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক