মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র মানেই নির্বাচন নয়

news-image

অনলাইন ডেস্ক : গণতন্ত্র মানেই নির্বাচন নয় বলে মনে করেন ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী বলেন, গণতন্ত্র মানেই নির্বাচন না। গণতন্ত্র রক্ষা করা হয় কিছু মানুষের জন্য। আমি এ গণতন্ত্রের পক্ষে না।

তিনি বলেন, জাতীয়তাবাদের যে ধারণা প্রচলিত আছে, তা ধারণ করি না। আমি একজন ভ্রাম্যমাণ প্রজাতন্ত্রবাদী।

অরুন্ধতী বলেন, আমি বাংলাদেশের মানুষের জন্য এসেছি। আমার এখানে পাঠক রয়েছে। তাদের সঙ্গে কথা বলার আগ্রহ ছিল। আমার দুটো সত্তা। লেখক সত্তা এবং কর্মী সত্তা। দুটো সত্তাকেই ধারণ করি আমি।

আলোচনার মঞ্চে অরুন্ধতীর সঙ্গে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। শুরুতে একটি লিখিত বক্তব্য পড়েন অরুন্ধতী। এরপর শহিদুল আলমের প্রশ্নের উত্তর দেন তিনি। পরে নানা বিষয়ে কথা বলেন অরুন্ধতী।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’য় যোগ দিতে অরুন্ধতী রায় সোমবার ঢাকায় আসেন। উৎসবের অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করা হয়। এরপর ছবিমেলা মাইডাসে এই বক্তৃতা হবে বলে জানায়। মঙ্গলবার দুপুরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিকেলে আবারও অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগে এ ঘোষণা আসে। এর কিছু সময় পরই আবার জানানো হয়, অনুষ্ঠান হচ্ছে। এর আগে ৬টা ৪০ মিনিটে অরুন্ধতী রায় মাইডাস অডিটোরিয়ামে উপস্থিত হন। এ সময় তাকে স্বাগত জানান আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহিদুল আলম। তিনি অরুন্ধতীকে প্রশ্ন করেন, ‘কেন আপনি এখানে?’ জবাবে তিনি বলেন, ‘আপনার জন্য, আপনাদের সবার জন্য’।

ছবিমেলার অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামের এ আলোচনা অনুষ্ঠান নিয়ে দিনভর ছিল নানা নাটকীয়তা। প্রথমে নিরাপত্তার কারণ দেখিয়ে কৃষিবিদ মিলনায়তনে অরুন্ধতী রায়ের আজকের আলোচনা অনুষ্ঠান বাতিল করা হয়। ‘ছবিমেলা’র আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পুলিশের পক্ষ থেকে তাদের নির্ধারিত জায়গায় অরুন্ধতীর অনুষ্ঠানটি করতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করতে বলা হয়েছে।’

পরে ‘ছবিমেলা’র আয়োজকরা জানিয়েছিলেন, সন্ধ্যায় ধানমণ্ডির মাইডাস সেন্টারে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছবিমেলার অফিসিয়াল পেজে এ বিষয়ে ঘোষণাও দেওয়া হয়। তবে বিকেলে এক মোবাইল ফোনবার্তায় মাইডাস সেন্টারের পক্ষ থেকে বুকিং বাতিল করার বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, “অনিবার্য কারণবশত মাইডাসে দেওয়া ‘দৃক’-এর বুকিংটি বাতিল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করা গেল।” মাইডাসের পক্ষে শফিক নামে একজন এ বার্তা পাঠান।

তবে ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘আমাদের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা নেই। আমরা মাইডাস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, তারা অনুষ্ঠান করতে পারেন।’

এর পরও অনুষ্ঠানটি ঘিরে খানিকটা অনিশ্চয়তা ছিল। তবে মাইডাসের সামনে ততক্ষণে দর্শক-অতিথিদের ভিড় জমে যায়। এরই মধ্যে ছবিমেলার কাছে অনুষ্ঠান আয়োজনের চূড়ান্ত অনুমতি মিলে গেলে অডিটোরিয়াম খুলে দেওয়ার মাধ্যমে সব জটিলতার অবসান ঘটে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক