জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো দক্ষিণ আফ্রিকা
খেলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এসে কঠিন কাজটা এশিয়ার কোনো দল-ই আগে করে দেখাতে পারেনি। সেই কাজটা কয়েক দিন আগে দুর্দান্ত ভাবে করে দেখিয়েছে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই টেস্টে ধবল ধোলাই করেছে। তবে টেস্ট সিরিজ হারের দুঃখটা ওয়ানডে দিয়ে আজ ভুলতে শুরু করেছে প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ফাফ ডু প্লেসির দল।
শ্রীলঙ্কার দেওয়া ২৩২ রানের লক্ষ্য প্রোটিয়ারা পার হয়ে গিয়েছে একেবারেই অনায়াসে। ৬৭ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে পৌঁছে গেছে জয়ের নোঙরে। ওয়ানডাউনে কুইন্টন ডি কককে সঙ্গে নিয়ে অধিনায়ক ফাফ ডু প্লেসির ১৩৬ রানের জুটির কল্যাণেই এসেছে বড় ব্যবধানে জয়। ব্যাট হাতে ১১২ রানে অপরাজিত থেকে বড় অবদান তাতে ডু প্লেসির। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করেছেন কুইন্টন ডি কক।
শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারেই ফার্নান্দোর বলে দলীয় ১৪ রানে ফিরে যান রেজা হেনরিকস। এর পরে ওয়ান ডাউনে এসে ডি কককে সঙ্গে নিয়ে ক্রিজে খুঁটি গেড়ে বসেন ডু প্লেসি। ২৩ ওভারের মধ্যেই আফ্রিকার স্কোর বোর্ডে জমা হয় ১৫০ রান। ২৩.২ ওভারে দলীয় ১৫০ রানেই ডি কক ফিরে যাওয়ায় ভাঙে ১৩৬ রানের জুটি। এলবিডব্লুর ফাঁদে ফেলে ডি কককে ফিরিয়েছেন স্পিনার আকিলা ধনাঞ্জয়া। বাকি কাজটা ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে সেরেছেন প্লেসি। ৩২ রানে অপরাজিত ছিলেন ডুসেন। অন্যপ্রান্তে অপরাজিত থাকা প্লেসি ১১২ রান করতে খেলেছেন ১১৪ বল। ১৫টি চারের সঙ্গে এক ছক্কা।
এর আগে ৪৭ ওভারে ২৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ৬০ রান করেছেন কুশল মেন্ডিস, দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান অসাদা ফার্নান্দোর। বল হাতে তিনটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনডিডি ও ইমরান তাহির।










