মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কারণে জামায়াত ক্ষমা চাইবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের বিলুপ্ত করবে না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সংগঠনটি নেতাদের মানবতাবিরোধী অপরাধে জড়িত হওয়ার ঘটনায় ক্ষমাও চাইবে না। মূলত ক্ষমা না চাওয়ার পেছনে দুটি কারণ উল্লেখ করা হয়েছে। তবে কেবল নিষিদ্ধ হলেই নতুন নামে সংগঠন করবে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

দলের একাধিক নেতা জানান, জামায়াত বিলুপ্ত অথবা ক্ষমা না চাওয়ার পেছনে মূলত দুটি কারণ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। প্রথমত, জামায়াত বিলুপ্ত করে নতুন নামে কোনো সংগঠন করা সহজ হবে না। করলেও এ সংগঠন দাঁড় করানো সহজ হবে না। দলের নেতারা বিশ্বাস করেন, বর্তমান নেতাকর্মী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তাধারা থেকে জামায়াতের রাজনীতি করছে। নতুন নামে সংগঠন করলে এ চিন্তাধারা পরিবর্তন করে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে হবে। এ রাজনীতির সঙ্গে বর্তমান জামায়াতের যেসব নেতাকর্মী আছেন, তারা সবাই থাকবেন না। এসব নেতাকর্মী আয়ের একটি অংশ প্রতি মাসে চাঁদা হিসেবে দলের তহবিলে জমা দেন। নাম পরিবর্তন হলে সেটাও বন্ধ করে দেবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিম-ল থেকে নানা নামে আসা অর্থও বন্ধ হয়ে যাবে। এতে তাদের নেতারা যে অর্থ পেয়ে থাকেন, তা আর পাওয়া যাবে না। দ্বিতীয়ত, দলের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন না।

তারা মনে করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর অনেক দেশ। আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে জামায়াতেরও ওই সময়ে একটা বোঝাপড়া ছিল। তাদের ভাষ্য, এটা জামায়াতের একক কোনো বিষয় নয়; জামায়াত চাইলেও ’৭১ সালের ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারে না। ক্ষমা চাইলে শীর্ষ পর্যায়ের নেতারা মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য বিব্রত হবেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দ- পাওয়া নেতারা অপরাধী হবেন নেতাকর্মীদের কাছে।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ আমাদের সময়কে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তা ছাড়া তাদের টিকে থাকা সম্ভব নয়।

জামায়াত থেকে পদত্যাগ করা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও মনে করেন, স্বাধীনতার বিরোধিতা করে কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। তিনি বলেন, সে ক্ষেত্রে জামায়াতের নতুন সংগঠন করা ছাড়া কোনো উপায় নেই। সম্প্রতি জামায়াত বিলুপ্ত করে নতুন নামে সংগঠন করা এবং ’৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পক্ষে সংগঠনটির তরুণ ও গুরুত্বপূর্ণ নেতারা দলীয় ফোরামে প্রস্তাব দেয়। পক্ষে-বিপক্ষে দুটি ধারা দেখা দেয়। এরই মধ্যে লিখিত প্রস্তাব আমলে না নেওয়ায় সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেন। কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকর্মী আবদুর রাজ্জাককে সমর্থনও জানান। বেশ কয়েকজন পদত্যাগও করেন। সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতা শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বহিষ্কৃতও হন। মুজিবুর রহমান তার ফেসবুকে উল্লেখ করেন, জামায়াত যদি ’৭১ সালের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করত, ক্ষমা চাইত এবং দলীয় কর্মীদের সে বিষয়ে দীক্ষা দিত, তা হলে কোনো সমস্যা ছিল না।

দলটির নেতারা জানান, সংস্কার প্রস্তাবকে ধামাচাপা দেওয়ার জন্য জামায়াতের বর্তমান নেতৃত্ব একটি কমিটি করেন। কমিটির প্রধান জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। অন্য সদস্যরা হলেন- মিয়া গোলাম পরওয়ার, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আবদুল হালিম ও সেলিম উদ্দিন। এরা সবাই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা।

জামায়াতের কেন্দ্রীয় দুই নেতা বলেন, এখন সংস্কারের পক্ষে অবস্থান নেওয়াদের চাপে রাখার কাজ করছেন বিরোধীরা। তাদের বেশিরভাগই বর্তমানে সংগঠনের নীতিনির্ধারণী ফোরামে রয়েছেন। ইতোমধ্যে সংস্কারপন্থিদের বিভিন্নভাবে শায়েস্তা করা শুরু করেছেন, যেন কেউ জামায়াতের সংস্কার বিষয়ে অথবা আবদুর রাজ্জাককে সমর্থন করে কোনো কার্যক্রম করতে না পারেন।

কমিটির এক সদস্য জানান, সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। তবে মৌলিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। এ কমিটি একটি প্রতিবেদন জমা দেবে। তাদের এই প্রতিবেদনের ওপর আস্থা নেই সংস্কারপন্থিদের। এক নেতা বলেন, এভাবে কালক্ষেপণ করে নেতাকর্মীদের যৌক্তিক দাবিকে তারা চাপা দিতে চাইছে। বহিষ্কার না করে নতুন পন্থা বেছে নিয়েছেন সংস্কারবিরোধীরা। সংস্কারপন্থিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া শুরু হয়েছে। সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক