নান্দাইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান
ময়মনসিংহ প্রতিনিধি : প্রেমে প্রতারণার শিকার হয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রী গত দিন ধরে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চন্ডীপাশা মহল্লায়। স্থানীয় পৌর কাউন্সিলরসহ এলাকার মাতব্বররা ঘটনা জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রেমিক ইয়াসিন (১৮) ওই মহল্লার মো. মোস্তুফার ছেলে। অবস্থানরত ওই কলেজ ছাত্রী ঈশ্বরগঞ্জ একটি কলেজের একাদশের ছাত্রী। প্রেমিকার অবস্থানের কথা জানার পর থেকেই পলাতক ইয়াসিন। তার মোবাইল ফোনটিও বন্ধ।
খবর পেয়ে আজ শুক্রবার কলেজ ছাত্রীর অবস্থান করা মহল্লায় গিয়ে জানা যায়, কলেজ ছাত্রী প্রেমিকের ঘরে গত মঙ্গলবার দুপুর থেকে অবস্থান করছে। অপরিচিত মেয়েটি হঠাৎ একটি বড় ব্যাগ নিয়ে ঘরে প্রবেশ করে অবস্থান নেওয়ার সময় ইয়াসিনের (প্রেমিক) মা তার পরিচয় জানতে চান। এ সময় মেয়েটি তাঁকে পায়ে ধরে সালাম করে ইয়াসিনের সাথে সর্ম্পকের কথা জানান। বিয়ে করার জন্য সে এখানে এসেছে। বিয়ে না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে বলে সাফ জানিয়ে দেয়। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিবে। এ ধরনের হুমকিতে পরিবারে অন্যরা বেকায়দায় পড়ে যান। এক ধরনের শঙ্কা নিয়ে গত দিন ধরে এ অবস্থা চলছে। মেয়েটি জানায়, একটি বিয়েরে অনুষ্ঠানে পরিচয়ের পর মোবাইল ফোনে দুইজনের কথা ও পরে গভীর সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে ইয়াসিন তার হোস্টেলে গিয়ে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে দুইজনের মধ্যে অনেক কিছুই হয়েছে বলে জানায়। এখন হয় বিয়ে না হয় জীবননাশ এই ব্রত নিয়ে তার অবস্থান।
এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর মাহিন জানান, তিনি মেয়েটির সাথে কথা বলে তার বাবাকে আসতে বলেছেন। পরিবারের লোকজন এলেই একটা কিছু করার চেষ্টা করবো।
নান্দাইল থানা ওসি কামরুল ইসলাম মিয়া বলেছেন, এ ঘটনা তাঁকে কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










