‘সিলিন্ডার বিস্ফোরণে’ আগুনের সূত্রপাত
নিজস্ব প্রতিবেদক : গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
গতকাল বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন প্রায় ৪১ জন।
আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে একটি পিকআপভ্যানে। যেখানে প্রায় ৮-১০টা সিলিন্ডার পরিবহন করছিল। ওই সিলিন্ডারগুলো একযোগে বিস্ফোরিত হয়। এতে পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটার এবং এসির কম্প্রেসারের ইউনিট হয়ে আগুন লেগে যায় ইলেকট্রিক তারে। এই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি হোটেলেও। সেখানে রান্নার জন্য রাখা চারটি বড় সিলিন্ডারেও আগুন লেগে যায়। এর ফলে ভয়াবহভাবে পুরো এলাকায় আগুন ছড়িয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, আগুন ছড়িয়ে পরে পাশের ছয় তলাবিশিষ্ট একটি ভবনে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ভবনে। ওই ভবনটির নিচতলায় ছিল প্লাস্টিকের দানা, তিনতলায় ছিল বডি স্প্রের গোডাউন। রাস্তায় প্রচুর কসমেটিক্সের বোতল ও প্লাস্টিকের গ্রেনুলার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজ দুপুর ১২টায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প সচিব আবদুল হালিম, প্রধানমন্ত্রী কার্যালয়ে মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের কর্মকর্তারা চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় শিল্পমন্ত্রী জনসাধারণ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে দুর্ঘটনার সূত্রপাত এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে কথা বলেন। এ ছাড়া মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি আহত, দগ্ধ রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ, অগ্নি দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশসহ ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।










