ফাইনালে ঢাকা ডায়নামাইটস
বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে উঠল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২০ বল এবং ৫ উইকেট হাতে রেখে ফাইনালে উঠে বর্তমান রানার্সআপরা। এনিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস।রংপুর রাইডার্সের হারের মধ্য দিয়ে বিপিএলে সর্বোচ্চ ৪ বার শিরোপা ঘরে তুলা হল না মাশরাফি বিন মর্তুজার। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৪২ রানে অল-আউট হয় রংপুর রাইডার্স।
ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন ক্রিস গেইল আর নাদিফ চৌধুরী। ১২ বলে ২ চার ৩ ছক্কায় ২৭ রান করা নাদিফকে শুভাগত হোম ফেরালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দ্রুত ফিরে যান ক্রিস গেইল (১৫) আর চলতি আসরে সবচেয়ে বেশি রানের মালিক রাইলি রুশো (০)। রংপুরের হাল ধরেন মোহাম্মদ মিঠুন আর রবি বোপারা।সুনিল নারাইনের ওভারে রান-আউট থেকে বেঁচে যান মিঠুন। ২৭ বলে ৩৮ রান করা মোহাম্মদ মিঠুনকে নুরুল হাসানের গ্লাভসবন্দি করে ৬৪ রানের জুটি ভাঙেন কাজী অনিক। বেনি হাওয়েলকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান।
৭ নম্বরে নামা অধিনায়ক মাশরাফি কোনো রান না করেই কাজী অনিকের দ্বিতীয় শিকার হন। নাহিদুলের (৪) স্টাম্প উপড়ে দেন রুবেল হোসেন। আন্দ্রে রাসেল তুলে নেন ফরহাদ রেজা (২) এবং শফিউলকে (০)। রুবেলের করা শেষ ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়ে আউট হন ৪৩ বলে ৬ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করা রবি বোপারা। ১৯.৪ ওভারে ১৪২ রানে অল-আউট হয় রংপুর রাইডার্স। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ ২২ রানে ৪ উইকেট নেন রুবেল হোসেন।
১৪৩ রানের জবাবে প্রথম ওভারেই বিধ্বংসী লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে (৪) নাহিদুলের তালুবন্দি করেন রংপুর অধিনায়ক মাশরাফি। এরপর রনি তালুকদারকে নিয়ে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন সুনিল নারাইন। দলীয় ৪১ রানে ৮ বলে ১৪ রান করা এই ক্যারিবীয় ফেরা নাজমুল ইসলাম। ঢাকার তৃতীয় উইকেটের পতন ঘটে বেনি হাওয়েলের বলে সাকিব আল হাসান (২০ বলে ২৩) বোল্ড হলে। সবেমাত্র ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। তার ৮ বলে ১৪ রানের ইনিস থামান মাশরাফি।
নুরুল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২৪ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলা রনি তালুকদার রান-আউট হয়ে গেলে ৯৭ রানে অর্ধেক শেষ হয় ঢাকা ডায়নামাইটসের। জমে ওঠে ম্যাচ। তবে দ্রুত চাপ কাটিয়ে ব্যাটে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয় হার্ডহিটারের তাণ্ডবেই ৫ উইকেট এবং ২০ বল বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস। নাজমুল ইসলাম অপুর করা ১৭তম ওভারে পরপর ৩টি ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন রাসেল।আগামী ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে ঢাকা মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।










