শিল্পমন্ত্রী বললেন নিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নিউজ ডেস্ক : লাইসেন্সবিহীন এবং নিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করতে বিএসটিআইকে নির্দেশনা দেওয়া হবে।
আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ে পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সমন্বয় কমিটির নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে সংগঠনের আহ্বায়ক মো. নেয়ামুল হক রিপন, সদস্য সচিব মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির, সমন্বয়ক মাফুজুর রহমান, সদস্য ফামেতা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, লাইসেন্সবিহীন ও এলাকাভিত্তিক অবৈধ দখলদার পানি বিক্রেতাদের কারণে নিম্নমানের পানিতে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। ফলে ভোক্তারা প্রতারিত হবার পাশাপাশি প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এ ধরনের অবৈধ পানি ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
একই সাথে তারা বাজারে মানসম্মত ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নিম্নমানের পলিথিন দিয়ে প্রস্তুতকৃত পিইটি জারের উৎপাদন বন্ধের ওপর গুরুত্ব দেন। পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তারা একে শিল্প হিসেবে ঘোষণারও দাবি জানান।
বৈঠকে শিল্পমন্ত্রী দ্রুত অননুমোদিত ও নিম্নমানের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকা শিল্প মন্ত্রণালয়ে জমা দিতে সংগঠনের নেতাদের পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা বিধান সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেবে।
তিনি পানি ব্যবসায়ীদেরকে মুনাফা অর্জনের পাশাপাশি নৈতিকতার বিষয়টিও স্মরণ করিয়ে দেন। ক্রেতা সাধারণের জন্য নিরাপদ পানিসহ ভেজালমুক্ত খাদ্য ও ভোগ্য পণ্যের যোগান নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিএসটিআই এবং বিএবি’র কার্যক্রম জোরদার করেছে বলে তিনি উল্লেখ করেন। কালের কণ্ঠ অনলাইন










