ছাত্রলীগ দ্রুত ডাকসু নির্বাচন চায়
ঢাবি প্রতিবেদক : অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ ১৪ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল পরবর্তী এক সমাবেশে দাবিগুলো পেশ করে সংগঠনটি।
এর আগে ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য’ শীর্ষক মিছিল করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
ঢাবির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আমাদের ডাকসু নির্বাচন দীর্ঘ ২৮ বছর ধরে হচ্ছে না। বাংলাদেশ ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে ডাকসু নির্বাচন করে দেখাতে চায়। দেখিয়ে আমরা প্রমাণ করতে চাই যে, বাংলাদেশ ছাত্রলীগই ডাকসু নির্বাচনের আয়োজন করতে পারে।’
রেজওয়ানুল হক চৌধুরী শোভন আরও বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়কে গড়ে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সংকট। এছাড়াও ক্যান্টিনের খাবার। এসব বিষয়ে কোনো ছাড় হবে না। আমরা যদি ডাকসু নির্বাচন করি, তাহলে আমার মনে হয় এই দুইটা সমস্যা সমাধান হবে। আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক দিন হলের খাবার খেতে পারিনি।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছে, যেটি গত ২৮ বছরে আমরা পাইনি। এই দীর্ঘ সময় ধরে প্রশাসনের যে গড়িমসির তা থেকে আমরা মুক্তি চাই। অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল চাই। ডাকসু নির্বাচনের পরে সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনকে সফল করার জন্য গণরুমের কোনো প্রয়োজন নেই। সিট দখলের ওপর ভিত্তি করে আমরা রাজনীতি করতে চাই না। হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা রাজনীতি করতে চাই। ইতিমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে সফল হয়েছি। অথচ আমরা লক্ষ্য করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও ডিজিটাল হয়নি। আজকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য এখনও পুরোনো পদ্ধতি অনুসরণ করা হয়।’
সাদ্দাম হোসেন বলেন, ‘আজকের এ সমাবেশ থেকে আমরা বলতে চাই, সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এই বিশ্ববিদ্যালয় টাকা নেওয়ার কোনো কারখানা নয়। এই বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন শিক্ষাদানে কোনো ট্রেইনিং সেন্টার নয়। আজকে সান্ধ্যকালীন কোর্সের নামে শিক্ষকরা অন্য কাজে ব্যস্থ থাকবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। এটা কোনোভাবে আমরা মেনে নেব না।’
ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী দিনে যে ডাকসু হবে। সে ডাকসু একাডেমিক ঐতিহ্য নির্ভর হতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারসহ অন্যান্য যে সমস্যা রয়েছে, তা বলতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখের মধ্যে ঘোমটা থাকবে না। হলগুলোতে ভর্তুকি বাড়িয়ে শিক্ষার্থীদের উন্নতমানে খাবার খাওয়াতে হবে। ৩৬ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি লাইব্রেরি আছে। পৃথিবীর সর্বাধুনিক লাইব্রেরী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করতে হবে। না হলে এসব দাবি কীভাবে আদায় করতে হয়, তা শিক্ষার্থীদের জানা আছে।’
ঢাবি ছাত্রলীগের ১৪ দফা দাবি হলো :
১. অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রূপরেখা প্রণয়ন।
৩. মপ্রশাসনিক-অ্যাকাডেমিক-পরীক্ষা-ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা।
৪. বিশ্বের সর্বাধুনিক কেন্দ্রীয় লাইব্রেরি নির্মাণের প্রকল্প গ্রহণ
৫. ক্যাম্পাসে গণ-পরিবহণ নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ
৬. গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান।
৭. ‘সান্ধ্যকালীন কোর্স’ নিয়ে বিচার-বিশ্লেষণের জন্য ‘শিক্ষা কমিশন’ গঠনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও বাস্তবায়ন
৮. ক্যান্টিনের খাবারের মান যথোপযুক্ত করা
৯. অযৌক্তিকভাবে বর্ধিত সব হল-বিভাগ-পরীক্ষা ফি প্রত্যাহার
১০. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রুট বৃদ্ধি ও পর্যাপ্ত পরিবহনের মাধ্যমে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান।
১১. প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য নবীনবরণ প্রদান ও আবাসন সংকটের আপৎকালীন সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ।
১২. বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট’ নির্মাণের প্রকল্প গ্রহণ।
১৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ‘আন্তর্জাতিক সেমিনার’ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ।
১৪. বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনার জীবনদর্শন, উন্নয়ন ভাবনা, জনগণের ক্ষমতায়নের রাষ্ট্রচিন্তা নিয়ে ‘শেখ হাসিনা গবেষণা কেন্দ্র’ স্থাপন। সূত্র: দৈ.আ.স










