মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব

news-image

রাজনৈতিক আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২২ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে মূলত এই আলোচনা হবে বলে জানা গেছে। ওয়াশিংটনে যাওয়ার আগে পররাষ্ট্র সচিব অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সিনিয়র অফিসিয়াল মিটিংয়ে অংশ নেওয়ার জন্য সৌদি আরব যাবেন।সরকারের একজন কর্মকতা বলেন, ‘নতুন সরকার গঠন হয়ে গেছে এবং আমরা যুক্তরাষ্ট্রসহ সব অংশীদারদের সঙ্গে কথা বলবো।’গত ২ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সফরের বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব। ওই কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন ইতোমধ্যে তাদের নির্বাচনি প্রতিক্রিয়া দিয়েছে যেখানে তারা বলেছে- তারা সরকার এবং বিরোধী দলের সঙ্গে কাজ করবে।’

আরেকজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে জ্বালানি খাতে। আমরা এর বহুমুখীকরণ চাই। তিনি বলেন, আমরা শুধুমাত্র মার্কিন কোম্পানির জন্য একটি অর্থনৈতিক অঞ্চলের কথা ভাবছি যেখানে তারা পণ্য উৎপাদন করে নিজ দেশে নিয়ে যেতে পারে অথবা বাংলাদেশে বিক্রি করতে পারে।’শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী উদ্যোগে রয়েছে বাংলাদেশের এবং এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র লজিস্টিক সার্ভিস চুক্তি করার প্রস্তাব দিয়েছে এবং এটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সবসময় আমাদের সমর্থন দিয়েছে এবং ওই বৈঠকে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শক্ত রেজুলেশন নেওয়ার জন্য অনুরোধ করবো। এছাড়া তারা যেন মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখে সে বিষযে আমাদের অনুরোধ থাকবে।আরেকজন কর্মকতা বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ভিশন আছে এবং এ বিষয়ে তারা আমাদের জানিয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব এ বিষয়ে ওয়াকিবহাল এবং এই ভিশন নিয়ে আমাদের কোনও দ্বিমত নেই।

 

banglatribune.com

এ জাতীয় আরও খবর