মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক রদবদল করা হলো বাদশা সালমানের প্রশাসনে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সমালোচনার মুখে পড়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন এনেছেন তিনি।

এর ফলে সৌদি আরবের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইব্রাহিম আল আসাফ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে তার প্রতিমন্ত্রী করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদশা সালমানের প্রশাসনে এ রদবদলের ঘোষণার তথ্য জানিয়েছে বিবিসি। তবে এর সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি সৌদি প্রশাসন। বিশেষজ্ঞদের দাবি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বাদশা।

পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্বপ্রাপ্ত আদেল দীর্ঘদিন ধরে সৌদি আরবের অর্থমন্ত্রী ছিলেন। গত বছর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুর্নীতি দমন অভিযানে তিনি রিটজ-কার্লটন হোটেলে গৃহবন্দি ছিলেন।

শুরু থেকেই খাশুগজিকে নিয়ে পশ্চিমা গণমাধ্যমের ‘অতিরিক্ত বাড়াবাড়ির’ সমালোচনা করে আসছিলেন। গণমাধ্যমগুলো এ বিষয়ে ‘হিস্টিরিয়াগ্রস্তের মতো আচরণ করছে’ বলেও একবার অভিযোগ করেছিলেন তিনি।

সৌদি আরবের শিক্ষা ও গণমাধ্যমে বিষয়ক দুই মন্ত্রণালয়েও বদল এনেছেন বাদশা সালমান। শিক্ষামন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-ইসাকে সৌদি গণশিক্ষা পর্যালোচনা কমিশনের প্রধান ও রাজকীয় উপদেষ্টা পদে নিয়ে আসা হয়েছে। উপদেষ্টা হয়েছেন গণমাধ্যমের দায়িত্বে থাকা মন্ত্রী আওয়াদ বিন সালেহ আল আওয়াদ।

দেশটির নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন হামাদ আল-শেখ। গণমাধ্যমের দায়িত্ব পেয়েছেন, তুর্কি আল-শাবানা। ইমরান আল-মুতাইরিকে দেওয়া হয়েছে সহকারী বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব। গুরুত্বপূর্ণ ন্যাশনাল গার্ডের মন্ত্রী বানানো হয়েছে আব্দুল্লাহ বিন বান্দারকে। মোহাম্মদ বিন সালেহ আল-গোফেইলিকে ন্যাশনাল গার্ডের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সৌদ বিন আব্দুল আজিজ হিলালের জায়গায় জননিরাপত্তা বিভাগের প্রধান করা হয়েছে খালেদ আল-হারবিকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মুসায়েদ আল আইবান।

তুর্কি আল আশেখকে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান বানানো হয়েছে। তিনি আগে জেনারেল স্পোর্টস অথরিটির চেয়ারম্যান ছিলেন। এ পদে এসেছেন প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। পর্যটন ও জাতীয় ঐতিহ্য বিষয়ক কমিশনের প্রেসিডেন্টের পদ থেকে প্রিন্স সুলতান বিন সালমানকে সরিয়ে বসানো হয়েছে আহমেদ আল-খতিবকে।
বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মাজেদ আল-কাসাবিকে প্রদর্শনী ও সম্মেলন বিষয়ক কমিশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে লন্ডনে দেশটির রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নাওয়াফ বিন আব্দুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বেশ কয়েকটি অঞ্চলের গভর্নর ও ডেপুটি গভর্নর পদেও রদবদল হয়েছে।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করতে সৌদি যুবরাজ তার দেহরক্ষীসহ ১৫ সদস্যের কিলিং স্কোয়াডকে তুরস্কে পাঠানো হয়। খাশোগি সেখানে প্রবেশের পরই তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে তা নিশ্চিহ্ন করতে এসিডের মাধ্যমে গলিয়ে ফেলে। আর এর জন্য মাত্র সাত মিনিট সময় নেন তারা। পুরো ঘটনাটির একটি অডিও তুরস্কের তদন্ত কর্মকর্তারাদের কাছে আছে বলে দাবি করেছেন তারা।

খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিন পর নানা টালবাহানার পর সৌদি অ্যাটর্নি জেনারেল শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ খাশোগি হত্যায় জড়িত ১১ ব্যক্তিকে অভিযুক্ত করেন। এদের মধ্যে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর