মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি, ভিডিও বার্তায় ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার ওই ভিডিওটি তৈরি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও বার্তায় তরুণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম। বার্ধক্যে এসে আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি, ৩০ ডিসেম্বর শুধু একটা দিন বাংলাদেশের জন্য। ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট দিন। দেখিয়ে দিন যে, আপনারা শুধু ভোট দিতেই জানেন না, ভোট ডাকাতিও আটকাতে পারেন, গণতন্ত্রটা বাঁচাতে পারেন।’

‘আপনারাই বাংলাদেশ’ শিরোনামে ৩ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওটিতে ফখরুল বলেন, ‘আপনার বিবেচনায় যাকে বলে তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন, সকাল সকাল দেবেন। দেখিয়ে দিন যে, আপনারাই বাংলাদেশ।

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা যারা এবার প্রথম ভোট দেবেন, তাদেরকে কিছু বলতে চাই। আমার বয়স যখন আপনাদের মতো, তখন আমরা যুদ্ধে গিয়েছিলাম দেশটাকে মুক্ত করবো বলে। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিল। যারা বলতেন, পাঞ্জাবীদের সঙ্গে যুদ্ধে আমরা কোনো দিনও পারব না। মেরে-কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেইনড মিলিটারিদের বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপেলে। তারা আসলে ভয় পেতেন। যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে কাতর ছিল তারা। আমরা সেদিন তাদের কথা শুনিনি। আমরা শুধু আমাদের মনের কথা শুনেছিলাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম। দেশটা মুক্ত হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এই বাংলাদেশ।’

মির্জা ফখরুল বলেন, ‘আমার বয়স এখন ৭০। এই বয়সেও সেই একই স্বপ্ন তাড়া করছে আমাকে। আমি তো আশায় ভরপুর। আপনারা কি স্বপ্ন দেখতে ভুলে গেছেন। আমাকে বহু মানুষ বলে, ভোটে তো স্যার আপনারাই জিতবেন। কিন্তু আওয়ামী লীগ আপনাদের রেজাল্ট খেয়ে ফেলবে। তার কারণ হলো, আওয়ামী লীগের সমীকরণে আপনারা নেই। তারা আপনাদের তাচ্ছিল্য করে। টু দেম ইউ ডোন্ট মেটার। তাদের পরিকল্পনা, এমন সন্ত্রাস করো ২৯ তারিখ পর্যন্ত, যেন আপনারা (তরুণ) পোলিং সেন্টারে যাওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলেন।’

ফখরুল আরও বলেন, ‘তারা এমন এক ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়েছে যে, আপনি যাকেই ভোট দেন, আপনার রাজনৈতিক জাজমেন্ট যাই হোক না কেন সেই ভোটকে, আপনার বিশ্বাসকে তারা চুরি করে পাল্টে দেবে। আমি বলি, আপনারা দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ, দেখিয়ে দিন আপনারা ইয়ং মেটার, আপনারাই দেশের মালিক এবং আপনার ভোটেই ঠিক হবে এদেশের ভবিষ্যৎ।’

সবশেষে ফখরুল বলেন, ‘একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে। যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলোটা আপনারা শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন, তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না।’

 

https://www.facebook.com/amadersomoy/videos/347803449344646/?t=187