সরাসরি ভিডিও কনফারেন্সে ৩ জেলায় কথা বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘বান্দরবান প্রাকৃতিক লীলাভূমির অপূর্ব সুন্দর অঞ্চল। বান্দরবানকে আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই। বান্দরবান হবে পর্যটনের রোল মডেল। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আবার ক্ষমতায় আসলে বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করব।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে ধানমন্ডির সুধাসদন থেকে বান্দরবান, নড়াইল ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রথমে বান্দরবানের সঙ্গে ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। ২০৭১ সালে আজকের তরুণরা বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তরুণদের জন্য আমার শুভাশীষ রইল। আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসুন। আমি নৌকায় ভোট চাই, এই বার্তা বান্দরবাসীকে পৌঁছে দেবেন।’
দেশের উন্নয়নের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য অঞ্চলে উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছি। রাঙামাটিতে ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করেছি। অন্যান্য পার্বত্য অঞ্চলেও উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।’
এ সময় দারিদ্র্যের হার কমানোর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্রের হার ২১ দশমিক ৮ ভাগে নামিয়ে এনেছি, যা আগে ৪১ ভাগে ছিল। হাসপাতালগুলোতে যাতে চিকিৎসার মান উন্নত হয় এবং বহুমুখী চিকিৎসার ব্যবস্থা হয়, সে চেষ্টা করছি। যতগুলো প্রকল্প বাস্তবায়ন করেছি, সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থাও করছি। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। দুই লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ নিতে পারবে তরুণরা। হস্তশিল্প, কুটির শিল্প থেকে মসলা ও লবণ শিল্পের উন্নয়নেও কাজ করেছি।’
এদিকে সুধাসদন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমানের হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ যেহেতু নির্বাচনের মাঠে উপস্থিত নেই। তাই সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন।’
কিশোরগঞ্জের সঙ্গে ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘কিশোরগঞ্জের মানুষ সবসময় নৌকার পাশে থেকেছে। এবারও সবাই নৌকায় ভোট দেবে বলে আশা করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, ঐতিহ্য ধরে রাখবেন।’
সৈয়দ আশরাফুর রহমানের আসনে নেতাকর্মীদের আন্তরিকতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ আশরাফ অনেক দিন দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক-এগারোর সময় দলের জন্য কাজ করেছেন। তার অবদান অনেক। সে আজ অসুস্থ। তার জন্য নির্বাচনটাকে নিজের মনে করে আপনারা সবাই কাজ করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে সেজন্য দোয়া করবেন।’
এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত দশ বছরের উন্নয়নের কিছু ভিডিওচিত্র দেখানো হয়।










