শুরু হচ্ছে প্রচারণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী এবং তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারবেন।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সোমবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে।
প্রচারের সময় যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।পাশাপাশি ভোটের মাঠে রয়েছে ১২২টি নির্বাচনী তদন্ত কমিটি। এসব কমিটির কাছে নির্বাচনী অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
এছাড়া শেষ দিনে তিন শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। আর যেসব দলের একাধিক প্রার্থী ছিলেন, সেখানে একক প্রার্থী নিশ্চিত করায় ২৫৬ জনের প্রার্থিতা রহিত হয়। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২৭২ এবং বিএনপির ধানের শীষ নিয়ে ২৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।রোববার (৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে মোট ২ হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়ে।দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৪টি আসনে ২৮১জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৯৫টি আসনে ৬৯৬জন ও জাতীয় পার্টি ২১০টি আসনে ২৩৩ জন প্রার্থী দিয়েছিল।
২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরমধ্যে ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে।বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিনে ইসি এই ৫৪৩টি আপিল আবেদনের শুনানি করে।
এরমধ্যে ২৪৩টি আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ৩শ’ জনের আবেদন খারিজ করা হয়েছে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২২জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন ১৮৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হওয়ায় আজই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










