হোপের আশা, বাংলাদেশকে হারাতে পারবেন
স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আজ বিকেলে মিরপুরে বিসিবি একাডেমি মাঠে দেখা গেল, ওয়ানডে সিরিজে ভালো কিছুর আশায় পেস-স্পিন দুটিতেই প্রস্তুতি সমানতালে নিচ্ছে সফরকারীরা।
টেস্টে যতই স্পিননির্ভর হোক, সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণ যে পরীক্ষা নেবে অজানা নয় উইন্ডিজ দলের। অনুশীলন শেষে ডানহাতি ব্যাটসম্যান শাই হোপের কাছে জানা গেল তাঁদের প্রস্তুতির কথা, ‘আমাদের সামনে ওরা যা-ই (স্পিন বা পেস) নিয়ে আসুক না কেন, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা হয়তো স্পিনার নিয়েই বেশি ভাবব, কিন্তু তাদের অনেক মানসম্মত পেসারও আছে, যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাদের সামনেও আমাদের সতর্ক থাকতে হবে।’
টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর সতর্কতার মাত্রা আরেকটু বাড়ার কথা ক্যারিবীয়দের। কিন্তু ওয়ানডে সংস্করণে বাংলাদেশ যে আরও ‘ভয়ংকর’। হোপ অবশ্য আশাবাদী ৫০ ওভারের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন তাঁরা, ‘যে দলের সঙ্গেই আমাদের খেলা হোক না কেন, আমরা জিততেই চাই। আমরা জানি, আমাদের সামর্থ্যের সদ্ব্যবহার করতে পারলে আমরাই জয়ী হব।’
হোপের আত্মবিশ্বাসের উৎস সম্ভবত তাঁর নিজের পারফরম্যান্স। বাংলাদেশ সফরে আসার আগে ভারতে খেলে আসা ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে কোনো রান না করতে পারলেও, টাই হওয়া দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি (১২৩*) করেছিলেন হোপ। সিরিজের একমাত্র জেতা ম্যাচটিতেও হোপের ব্যাটে ভর (৯৫) করেই ৯ উইকেটে ২৮৩ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ারের ফর্মও ভরসা করার মতো, ভারতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যান তো এই বাঁহাতিই (২৫৯ রান)। ভারত সিরিজের আত্মবিশ্বাসটা বাংলাদেশেও কাজে লাগাতে চান হোপ।
বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে ছিলেন না। ওয়ানডে সিরিজেও ফেরা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের। বাংলাদেশে তাই অধিনায়কত্বের দায়িত্বটা পাচ্ছেন মাত্র ৩৫ ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন রভম্যান পাওয়েল। হোল্ডারের মতো পূর্বঘোষিত দলে নেই ওপেনার এভিন লুইস। তাঁর জায়গায় দুই বছর পর ফিরেছেন ড্যারেন ব্রাভো। দলের খেলোয়াড়ে কিছুটা পরিবর্তন এলেও সিরিজের ফলে পরিবর্তন আসবে কি না, সেটি এখন বলার উপায় নেই। তবে হোপের আশা, ওয়ানডেতে অন্য ওয়েস্ট ইন্ডিজকে দেখা যাবে।










