নায়িকাদের জীবনে খ্যাতির সঙ্গে কুৎসাও আসে : জয়া আহসান
বিনোদন ডেস্ক : ছবির নায়িকা সিনেমা হলের টিকিট কাউন্টারে বসে ছবির টিকিট বিক্রি করছেন। কখনো বা ম্যাজিশিয়ান হয়ে ম্যাজিক দেখাচ্ছেন। কখনো আবার ছুটে যাচ্ছেন ফুটবল মাঠে। ছবির নাম ‘দেবী’। আর নায়িকা জয়া আহসান। দেবীর প্রযোজকও তিনি।তার প্রযোজনার প্রথম ছবি নিয়ে সারা বিশ্বে ছুটে বেড়াচ্ছেন এ তারকা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রত্রিকার সঙ্গে জয়া আহসানের কথা হয়।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে জয়া তার প্রযোজনায় আসা নিয়ে বলেন, ‘ফর্মুলা মাফিক ছবি না করে যে ভাবনায় বিশ্বাসী সেই ভিন্ন ভিন্ন ধারার ছবি করার বিশ্বাস থেকেই আমার প্রযোজনায় আসা। ‘মিসির আলি’ যেমন বাংলাদেশের এক বিশেষ চরিত্র। তাকে ‘দেবী’ ছবিতে ধরতে চেয়েছি। দেবী হরর ফিল্ম। বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এক মাসের বেশি হয়ে গেল মাল্টিপ্লেক্সে হাউজফুল। এমনকি গ্রামের হলগুলোতেও দেবী দারুণ ব্যবসা করছে। এটা আমি ভাবিনি।’
জয়া বলেন, ‘কোনো বাংলা ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে এত শো পায়নি, দেবী যা পেয়েছে। কানাডায় ৫২টা আর অস্ট্রেলিয়ায় ২২টা শো হয়েছে।’
কিন্তু কলকাতার মানুষ কি দেবী থেকে বঞ্চিত হবে? এমন প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘একেবারেই না। আমি খুব চেষ্টা করছি ছবিটা কলকাতায় আনার।’
ছবির হিসেবনিকেশের বাইরে গিয়ে জয়াকে প্রশ্ন করা হয়, আপনি কি বাংলা ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা? সঙ্গে সঙ্গে তা নাকচ করে দিয়ে জয়া বলেন, ‘শুনুন এক নম্বরের পরে আর সামনে এগিয়ে যাওয়ার কোনো নম্বর হয় না। তাই আমি এক নম্বরে কোনো দিন থাকতে চাই না। আর সত্যি বলতে কি, এই নম্বরের রেটিং তাদের জন্য যারা ফর্মুলার ছবি করেন। আমি তো তা করি না। আমি যে সব শিল্পমানের ছবি করি তার প্রেক্ষিতে দর্শক যদি বলেন, আমি অভিনয় জানি, পারি। আমি তাতেই খুশি।’
কিন্তু সফল নায়িকা হিসেবে গসিপ সামনে এসেছে বহু বার। বিশেষ করে এক পরিচালকের সঙ্গে আপনার প্রেম নিয়ে… তখনই থামিয়ে দিয়ে জয়া বলেন, ‘এই পরিচালককে নিয়ে আমায় জড়িয়ে গসিপটা এবার বন্ধ করুন না। প্রসঙ্গ ওঠা মানেই অযথা বিষয়কে গুরুত্ব দেওয়া। তবে নায়িকাদের জীবনে রটনা, খ্যাতির সঙ্গে কুৎসাও আসে।’
তাই বলে কি জয়া আহসান প্রেমে পড়েন না? প্রশ্ন করা হলে উত্তর আসে, ‘অবশ্যই পড়ি। তবে খেয়াল করে দেখবেন আমি একটু সাবধানে থাকি। আমাকে সারাক্ষণ পার্টিতে দেখবেন না। ছবির জন্য সাক্ষাৎকার বা কাজ করলাম, কথা বললাম।মুখ দেখাতে আজও লজ্জা পাই। সারাক্ষণ পাবলিকের সামনে থাকতে চাই না।’
কিন্তু ইদানিং ইনস্টাগ্রামে হট, গ্ল্যামারাস ছবি দিচ্ছেন…ব্যাপার কী? প্রশ্ন করা হলে জয়া বলেন, ‘আপনাদেরও ছবি দেব। আমি যেমন শাড়ি পরি তেমনি অন্য রকম গ্ল্যামারাস পোশাকও পরি। এটাই আমি।’ সূত্র: দৈনিক আমাদের সময়










