মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্সপেক্টরের গুলিতে এসআই আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর ‘সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের’ দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (নিরস্ত্র) ওবায়েদুর রহমান। বক্সের নীচতলায় পুলিশের মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি, পেট্রোল) ইলিয়াস হোসেন ও এসআই ওবায়েদুরের পাশাপাশি কার্যালয়। আজ মঙ্গলবার দুপুরে ওই এসির কক্ষেই দুই ঊরুতে গুলিবিদ্ধ হন ওবায়েদুর।

অভিযোগ উঠেছে, এসির সামনেই একই বক্সে কর্মরত পল্টন থানার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) মো. সাইফুল ইসলামের পিস্তলের গুলিতে আহত হন ওবায়েদুর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। তবে অসাবধানতায় একই সময়ে দুই ঊরুতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে খোদ পুলিশ মহলে। আহত এসআই বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ‘আহাদ পুলিশ বক্সের’ সব সদস্যদের ডিসি মতিঝিল অফিসে ডাকা হয়। সেখানে তাদের এক এক করে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে ঘটনার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুলিস্থানের মোড় ছিল ট্রাফিক পুলিশ শূন্য।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রেট্রোল এসি ইলিয়াছ হোসেন বলেন, ‘আজ দুপুরে পিআই সাইফুল ইসলাম এবং বক্সের ইনচার্জ এসআই ওবায়দুর রহমানকে নিয়ে নিজ কক্ষে তিনি মিটিং করছিলেন। মিটিং শেষে তারা উঠে যাওয়ার সময় পিআইয়ের পিস্তল থেকে অসাবধানবসত গুলি বের হলে ওবায়দুর পায়ে গুলিবিদ্ধ হন।’

একই সময়ে দুই পায়ে গুলি লাগার বিষয়ে ইলিয়াছ হোসেন বলেন, ‘এক পায়ে গুলি লাগার পর তা ভেদ করে অন্য পায়ে লাগে। এসআই ওবায়দুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, ‘আহত ওবায়েদুর রহমানের দুই ঊরু বরাবর গুলির চিহ্ন রয়েছে। তবে তার পায়ের ভেতরে গুলি পাওয়া যায়নি।’

ঘটনার সময় ওই পুলিশ বক্সে ছিলেন ওবায়েদুরের পরিচারক ফয়সাল আহমেদ। তিনি জানান, এসআই ওবায়েদুর ২০১৬ সাল থেকে আহাদ পুলিশ বক্সের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারিতে। পিআই মো. সাইফুল ইসলামের কার্যালয়ও আহাদ বক্সের দোতালায়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। ঘটনার সময় দোতলায় ছিলেন ফয়সাল। নিচতলায় এসি পেট্রোলের কক্ষে বসা ছিলেন এসআই ওবায়েদুর, পিআই সাইফুল ইসলাম ও এসি ইলিয়াছ হোসেন। ফরমায়েশ অনুযায়ী তাদের পিঠা এনে দিয়ে ফের দোতলায় চলে যান ফয়সাল। দুপুর সাড়ে ১২টার দিকে হট্টগোল শুনে নিচে নামেন তিনি। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ওবায়েদুরকে ধরাধরি করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে এসির কক্ষে পড়ে থাকা রক্ত ধুয়ে ফেলেন তিনি।

ফয়সাল আরও জানান, ঘটনার সময় তিনি নীচতলা থেকে কোনো গুলির শব্দ পাননি। কয়েকদিন ধরে এসির কক্ষের সিসি ক্যামেরা নষ্ট। আর পিআই ও আহত এসআইয়ের মধ্যে কখনও অবনিবনা ছিল বলেও জানা নেই তার। ফলে আজ দুপুরে ওই কক্ষে কী ঘটেছিল, তা ধারণা করতে পারছেন না তিনি।

বক্সের বাইরেই ঝালমুড়ি বিক্রি করেন মাদারিপুরের হালিম। তিনি জানান, দুপুর ১২টা থেকেই তিনি বক্সের সামনে দাঁড়িয়ে মুড়ি বিক্রি করছিলেন। কিন্তু তিনিও সে সময় কোনো গুলির আওয়াজ পাননি। পুলিশ কর্মকর্তারা ধরাধরি করে এসআই ওবায়েদুলকে গাড়িতে করে নিয়ে যেতে দেখলেও ভেতরে কী ঘটেছিলো ধারণা দিতে পারেননি তিনি।

ঘটনার সময় পুলিশ বক্সের গেটে দায়িত্বরত ছিলেন কনস্টেবল ইসমাইল হোসেন। তিনি দুপুর ২টা পর্যন্ত দায়িত্ব পালন করে চলে যান। ঘটনা এসির রুমের ভেতরে ঘটায় তিনি কিছুই দেখেননি বলে জানান। দুপুর ২টার সময় বক্সের ফটকের দায়িত্বভার নেন কনস্টেবল মহিউদ্দিন। তিনিও ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান।

ঘটনাটি কিভাবে ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার সিবলী নোমান বলেন, ‘একজন পুলিশ সদস্য বসা থেক ওঠার সময় অসাবধানতায় তার পিস্তলের গুলি বের হয়ে পাশেই থাকা অপর একপুলিশ সদস্য পায়ে বিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পুলিশ সদস্যের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, ‘মিস ফায়ারিং থেকেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে পূর্ণ তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক