হারাম জায়েজ করার জন্য, টাকা খাওয়ার জন্য ইভিএম : রব
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আমরা যারা নির্বাচনের অংশী, যারা নির্বাচন করব, করাব, ভোট দেব, জয়লাভ করব, সরকার গঠন করব, আমরা কেউ চাইলাম না; আপনি নির্বাচন কমিশন এত অ্যাডামেন্ট কেন?’
আ স ম রব বলেন, ‘আসলে ঘটনা হলো, আপনি গতবারের ১০ হাজার টাকার মেশিন এবার দুই লাখ টাকা দিয়ে কিনেছেন। হারাম জায়েজ করার জন্য, টাকা খাওয়ার জন্য।’
আজ বৃহস্পতিবার বিকেলে ইভিএম নিয়ে এক সেমিনারে জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব এসব কথা বলেন। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে ‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শিরোনামে এই সেমিনার হয়। সেখানে ইভিএমে ‘ভোট কারচুপির’ নমুনা দেখানো হয়।
রব বলেন, ‘সেখানে (সংবিধানে) বলা আছে, সংসদ গঠন হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। মেশিনে প্রত্যক্ষ করা যায় না। সংবিধানে বলা আছে ডাইরেক্ট। প্রশ্নবিদ্ধ ইভিএম এই শর্ত পূরণ করে না। তাই সংবিধান সংশোধন করা ছাড়া ইভিএম ব্যবহার করা যাইবে না।’ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।
জেএসডি সভাপতি বলেন, ‘প্রত্যক্ষ ভোটের একটি প্রধান শর্ত যে, ভোট প্রদান থেকে শুরু করে সর্বশেষ ভোট গণনা পর্যন্ত সকল নির্বাচনী প্রক্রিয়া জনগণের কাছে উন্মুক্ত থাকতে হবে। ইভিএমের বর্তমান প্রস্তাব ও কাঠামো বাংলাদেশের মতো দেশে প্রচণ্ডভাবে অগণতান্ত্রিক। জনগণের কাছে এই মেশিনের স্বচ্ছতা নেই, উন্মুক্ত নয়।’
ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ইভিএম ব্যবহার করতে পারবে না, আমরা করতে দেব না। ভোটার ও জনগণ করতে দেবে না। আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, এটা সংবিধানবিরোধী-রাষ্ট্রবিরোধী, মামলা হবে জেলে যাবেন। আমরা ছাড়ব, দেশের ১৮ কোটি মানুষ ছাড়বে না। এটা যদি নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে ব্যবহার করতে যায় আমরা আমাদের নেতা সংবিধান প্রণেতা আইন বিশেষজ্ঞ প্রবীন রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করব।’
নির্বাচনে ভোট বিপ্লব ঘটবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যাব, জাতি নির্বাচনে যাবে। সেই নির্বাচনকে অবশ্যই জনগণের রায়ে পরিণত করতে জনগণ সেই লড়াই,সেই যুদ্ধে লড়বে, ভোটের যুদ্ধে লড়বে। সেখানে কোনো কিছুই তাদের আটকে রাখতে পারবে না।’
সেমিনারে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকার এবার ভোট কেন্দ্রে যেতে পারবে বলে আমার সন্দেহ আছে। ইভিএমের এই রকম প্রেজেন্টেশন আরও সব জায়গায় দেওয়া দরকার। এতে মানুষ আরও সাহসী হবে। মূলত আমাদের দরকার মানুষকে সাহসী করে তোলা।’
নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোটের দিন ভোটের মাঠে ভোট দিতে যান। এবার শ্লোগানটা দিতে হবে নিরাপদ ভোট চাই, নিরাপদ ভোট কেন্দ্র চাই। আমরা একটা শঙ্কামুক্ত, প্রশ্নমুক্ত নির্বাচন চাই।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন— গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।










