সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার হাজার মৃতদেহে ভরা দু’শো গণকবর

news-image

ইরাকের যে জায়গাগুলো এক সময় ইসলামিক স্টেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গাগুলো থেকে হাজার হাজার মৃতদেহ-ভরা দু’শতাধিক গণকবর পাওয়া গেছে – বলছে জাতিসংঘ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দফতর থেকে প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়, ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে নিনেভেহ, কিরকুক, সালাহ আল-দীন, এবং আনবার প্রদেশগুলোয় এসব গণকবর পাওয়া গেছে।রিপোর্টে বলা হয়, এসব গণকবরে পাওয়া মৃতদেহের সংখ্যা ১২ হাজার পর্যন্ত হতে পারে।

জাতিসংঘ বলছে, এসব গণকবরের ফরেনসিক পরীক্ষা করা দরকার, কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে, তা কতটা ব্যাপক তার প্রমাণ রয়েছে এসব গণকবরে। জেনেভা থেকে ইমোজিন ফুকস জানাচ্ছেন, এই গণকবরগুলো পাওয়া গেছে এমন এলাকায় যা একসময় ছিল ইসলামিক স্টেটের দখলে।মসুল শহরের বাইরের একটি গর্তে খুঁজে পাওয়া গেছে আট জনের দেহ। আর খাফসা শহরে একটি বিরাট একটা খাদে পাওয়া গেছে শত শত মানুষের দেহাবশেষ। অনেক মৃতদেহই সনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী থেকে শুরু করে ইরাকের সামরিক এবং পুলিশ বাহিনীর সদস্যরাও আছে। প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি বাংলা।

ওই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়- জাতিসংঘের এর আগের আনুমানিক হিসেবে বলা হয়েছিল, ইরাকে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর হাতে অন্তত ৩৩ হাজার মানুষ নিহত হয়েছে।২০১৪ সাল থেকে তিন বছর ধরে এই গোষ্ঠীটি সিরিয়া এবং ইরাকের যে বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল, সেখানে তারা বহু মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে। এর মধ্যে তাদের মতাদর্শের বিরোধী লোক থেকে শুরু করে, সরকারের সঙ্গে সম্পর্কিত লোকজন, ইয়াজিদি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সবাইকে টার্গেট করা হয়েছিল।

শত শত ইরাকি পরিবার এখনো তাদের নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছে।জাতিসংঘের রিপোর্ট বলছে, এসব গণকবর আসলে বড় ধরনের অপরাধের এক গুরুত্বপূর্ণ প্রমাণ। এটিকে জাতিসংঘ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা বলে বর্ণনা করছে। জাতিসংঘ এই গণকবরগুলোর ফরেনসিক পরীক্ষা, সেখান থেকে দেহাবশেষ উদ্ধার এবং এবং তথ্যপ্রমাণ সংগ্রহের লক্ষ্যে আরও তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে যেসব পরিবার তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে তাদেরকেও সহায়তা দেয়ার কথা বলেছে।গত বছর মার্কিন-নেতৃত্বাধীন বিমান হামলা, এবং ইরাকি সরকারি বাহিনী ও মিলিশিয়াদের মিলিত অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠী পরাজিত হয়, তবে কিছু এলাকায় এখনো আইএসের তৎপরতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর