‘বৃষ্টিতে ভিজে অফিসে ঢুকতেই আমাকে জড়িয়ে ধরে…’
হলিউড থেকে সমুদ্র পেরিয়ে #মিটু এসে পৌঁছে গিয়েছে বলিউডে। নায়িকা, নারী প্রযোজক থেকে শুরু করে সাহস নিয়ে এগিয়ে এসেছে ফিল্ম সেটের ফিমেল ক্রিউ মেম্বাররাও। আর তাদের অভিযোগেই যে সকল নাম যৌন হেনস্তায় উঠে আসছে, তাতে অবাক হওয়া ছাড়া গতি নেই। অভিযুক্তদের খাতাতে ধীরে ধীরে বেড়ে চলেছে নাম। যদিও প্রত্যেক অভিযুক্তই অস্বীকারই করে চলেছেন অভিযোগ শুনে।সেই সময় যৌন হেনস্থাকারী হিসেবে নাম উঠে আসছে একের পর এক নামিদামি ব্যক্তির। কখনও সেই তালিকায় যুক্ত হচ্ছে নানা পাঠেকরের নাম আবার কখনও বিকাশ বহেল কিংবা সাজিদ খান।
তবে শুধু সিনেমা পাড়ার নায়িকার যে হেনস্থা হতেন শুধু তাই নয়। কর্মক্ষেত্রে সাধারণ নারীদের যৌন হেনস্থা, যৌন নির্যাতনের শিকার হতে হয়েছেন। কিন্তু #মিটু-র আগে হয়তো এত সাহসি ও সংঘবদ্ধ ভাবে হয়নি কেউ বলতে পারেনি। কেননা নিচু স্তরের সাধারণ কর্মীর অভিযোগ চাপা পড়ে গিয়েছিল শীর্ষ কর্তাদের ক্ষমতার ভারে।তবে এখন সেই সব অভিযোগই ফের গতি পাচ্ছে। উঠে আসছে শাস্তির বা নতুন করে তদন্তের দাবি। সাধারণ নারীরাও শেয়ার করছেন তাঁদের সেই দুঃসহ সময়ের অভিজ্ঞতা।
দেখা গেছে কর্মক্ষেত্রে নারীকর্মীদের শুনতে হয়েছে, আপনার সন্তান না হলে আমার বীর্যে অন্তঃসত্ত্বা হতে পারেন। আবার কাউকে জোর করে জড়িয়ে ধরেছেন। এমনও দেখা গেছে ধর্ষণের অর্থ কী এবং তার পদ্ধতি সম্পর্কে বুঝিয়েছেন। সেই সঙ্গে চাকরি খেয়ে নেওয়া, দেখে নেওয়া, এমনকি, অপহরণের হুমকি পর্যন্ত। এবার #মিটু ঝড়ে তোলপাড় অল ইন্ডিয়া রেডিও। আর কাঠগড়ায় মধ্যপ্রদেশের শহদল স্টেশনের এক কর্মকর্তা।
দেখা গেছে বিভিন্ন সময়ের একাধিক যৌন হেনস্থার শিকার অন্তত ৯ জন নারী সম্প্রতি সরব হয়েছেন। এ বিষয়ে সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটে জানিয়েছে, অল ইন্ডিয়া রেডিওর শুধুমাত্র শহদল অফিসেই ২০১৭ সালে ৯জন নারীকর্মী সেখানকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রত্নাকর ভারতীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যাদের কেউ ছিলেন অস্থায়ী ঘোষক, কেউ বা সাধারণ কর্মী।সম্প্রতি নিউজ ওয়েবসাইট ‘দ্য কুইন্ট’ এ নির্যাতিতা নারীরা শেয়ার করেছেন তাদের জীবনে ঘটে যাওয়া দুর্বিষহ অভিজ্ঞতার কথা।
এক নারীকর্মী বলেন, ‘বৃষ্টি হচ্ছিল। আমার বাড়ি থেকে রেডিও স্টেশন বেশ খানিকটা দূরে। অফিসের পথে আমি কিছুটা ভিজে গিয়েছিলাম। অফিসে পৌঁছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ঘরে তাকে জানাতে যাই যে, আমি অফিসে এসেছি। এ কথা বলার পরই উনি একটা টাওয়েল নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরেন এবং অশোভন ভাবে আমাকে মুছিয়ে দিতে থাকেন।’আরেকজন নারী কর্মী বলেছেন, ‘একদিন রত্নাকর ভারতী সরাসরিই আমাকে বলেন, ম্যাডাম, আপনার সন্তান না হলে আমার বীর্যে মা হতে পারেন। তাতে আপনি সুখীও হবেন। আমি তাকে বলি, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখন উনি আমাকে হুমকি দিয়ে বলেন, সব দিকে আমার হাত আছে, এখান থেকে দিল্লি পর্যন্ত। তাই আমি যা চাই তাই করতে পারি। কিন্তু তুমি আমাকে কিছুই করতে পারবে না। তুমি তোমারই সম্মান হারাবে, আমার কিছুই হবে না।’
রেডিও স্টেশন আরেক নারীকর্মী বলেছেন, ‘আমাকে নানাভাবে নির্যাতন করতেন উনি। বলতেন, নাইট ডিউটি দিয়ে দেবেন। আমাকে অপহরণ করে এমন জায়গায় নিয়ে যাবেন, যে বুঝতেও পারব না। আমার বিয়ে করা নিয়েও প্রশ্ন তুলতেন। বলতেন, কি প্রমাণ আছে যে তুমি অবিবাহিত? আমাকে এসব বলার উনি কে? কেনই বা আমি উত্তর দেব।’শুধু শহদলই নয়, রাজ্যের প্রায় সব স্টেশনের পদস্থ কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। হরিয়ানার কুরুক্ষেত্র, উত্তর প্রদেশের ওবরা, হিমাচল প্রদেশের ধর্মশালার মতো রেডিও স্টেশন থেকেও একাধিক অভিযোগ সামনে এসেছে সম্প্রতি।
২০১৬ সালে ধর্মশালা প্রোগ্রাম হে়ড সুরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন এক অস্থায়ী ঘোষক। তিনি অভিযোগ করে বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন এক দর্শকের প্রশ্ন রেকর্ড করার সময় স্টুডিও মধ্যেই সুরেশ কুমার তাকে চুমু খান। সেই অভিযোগও দায়ের করা পর দেখা গেল ওই সময়েরই সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গিয়েছে অফিস থেকে।এছাড়া ওবরা স্টেশনের এক অস্থায়ী নারী ঘোষক অভিযোগ করে জানিয়েছেন, তাঁর সামনেই অফিসের মধ্যে পদস্থ এক আধিকারিক পর্নোগ্রাফি দেখতেন এবং মদ খেতেন। অফিসের লাইব্রেরিয়ান তাঁকে অশ্লীল ম্যাগাজিন দেখানতেন।সম্প্রতি একাধিক স্টেশনের রেডিও কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে এসেছে। আর #মিটু-র ধাক্কায় এই সব অভিযোগ ঘিরে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন রেডিওতে নির্যাতিতরা।










