মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বড় আন্দোলনের ঘোষণা আসছে’

news-image

সামনে বড় আন্দোলনের ঘোষণা আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা আমাদের চিঠি নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। আমরা অপেক্ষা করছি। পরশুদিন ৬ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ। দাবি মানা না হলে সমাবেশ থেকে আমরা আরো বড় করে আন্দোলনের কর্মাসূচি ঘোষণা করব।’

তিনি বলেন, ‘একটি সুস্থ, সুন্দর পথে আসুন। আমরা যদি সুন্দর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি তাহলে আমাদের আন্দোলন কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু এটা নিশ্চিত জানেন, কোনো ছলচাতুরতা, ষড়যন্ত্র করে আন্দোলন বন্ধ করে দিয়ে ক্ষমতায় থাকবেন তাহলে আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করব।’

তিনি আরো বলেন, ‘বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আর আমরা বসে থাকবো? আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি।’‘আমরা সন্ত্রাস, লুপপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি। আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে?’

মান্না বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনও বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে।’মান্না আরও বলেন, ‘আপনি অনেক শাসনের নামে শোষণ করেছেন। এখন আপনার যাওয়ার সময় হয়েছে। তফসিল ঘোষণা না করে সংবিধান সংশোধন করুন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আপনি এখন বিদায় হন। আপনার যাওয়ার সময় হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।সূত্র: বাংলাদেশ জার্নাল