মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে দেখে নিন, কোন বাসের মালিক কে?

news-image

শিখর পরিবহনের মালিক মাহমুদ হোসেন। এই পরিবহনের সঙ্গে এক সময়ের জাতীয় পার্টির নেতা মাইজু উদ্দিন জড়িত রয়েছেন। এর আগে এই পরিবহন পরিচালনা করতেন দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সায়েদাবাদ বাস-মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী-ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মোল্লা।

২০০৯ সালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম এই পরিবহনটি উদ্বোধন করেন বলে জানা গেছে। এছাড়া শাজাহান খানের পরিবারের মালিকানায় ঢাকা-মাদারীপুরের পথে সার্বিক পরিবহনের বাস চলাচল করে। প্রজাপতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগের সাবেক এমপি শাহিদা তারেখ।

রাজধানীতে বর্তমানে সাড়ে ৪৪ হাজারেরও বেশি গণপরিবহন চলাচল করছে। দিনদিন এ সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে বিশৃঙ্খলা। নানা উদ্যোগ নিয়েও এ সেক্টরের নৈরাজ্য থামানো যাচ্ছে না। অনুসন্ধানে দেখা গেছে, প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য, ক্ষমতাসীন দল ও পরিবহন সংগঠনের নেতারাই এসব বাসের মালিক। এদের প্রভাবেই পুরো পরিবহন খাত জিম্মি হয়ে পড়েছে।

তাদের মর্জি ছাড়া কোনও সিদ্ধান্তই বাস্তবায়ন করা যাচ্ছে না। আবার এদের চাহিদা মতো দিতে হয় রুট পারমিট। এজন্যই এ সেক্টরে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এনা পরিবহনের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য খোন্দকার এনায়েত উল্যাহ। বিহঙ্গ পরিবহনের মালিক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এর ব্যবস্থাপনা পরিচালক ও মালিক নাসির উদ্দিন খোকন।

আজিমপুর থেকে উত্তরা চলাচলকারী ‘সূচনা-বিআরএফ’ পরিবহনে রয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার ছেলে আরিফুজ্জামান রনির বাস। একই গন্তব্যে চলাচলকারী দ্বীপ বাংলা পরিবহনেও আরিফুজ্জামানের বাস চলতো।

সংসদ সদস্য নূরে আলম চৌধুরীর চাচাতো ভাই মনির চৌধুরীর বাস চলে ‘সূচনা-বিআরএফ’ পরিবহনে। তেতুলিয়া পরিবহনের চেয়ারম্যান মশিয়ার রহমান ও ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াদুদ মাসুম।

অনুসন্ধানে জানা গেছে, জাবালে নূর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মো. জাকির হোসেন। মূলত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের শ্যালক মো. নান্নু মিয়া ও শাহাদাৎ হোসেনসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের নেতার বাস রয়েছে এই পরিবহন কোম্পানিতে। মন্ত্রীর আত্মীয় হওয়ায় নান্নু মিয়া পরিবহন জগতে প্রভাবশালী পরিচালক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন।

অনাবিল সুপার কোম্পানির চেয়ারম্যান সোলেমান মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ক্ষমতাসীন দলের নেতা জুয়েল দেওয়ান। ছালছাবিল পরিবহনের মালিকানায় রয়েছেন মুক্তার হোসেন মৃধা, কোম্পানির এমডির নাম নিপা।

গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ও অনাবিল ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মালিক আওয়ামী লীগ নেতা জুয়েল দেওয়ান। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও মহিলা লীগের সাবেক সভাপতি আশরাফুন নেছা মোশাররফের পরিবহন কোম্পানি স্বপ্ন সার্ভিসেস।

দ্বীপ বাংলা পরিবহনের মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর। দি নিউ আনন্দ পরিবহনের মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ মুক্তার হোসেন।

গাবতলী-উত্তরা রুটের বসুমিত পরিবহনের মালিক একই সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল মনসুর বুলবুল। ওই সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বিকল্প সিটিং সুপার ও বিকল্প অটো সার্ভিসের মালিক।

তেতুলিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ মাসুম ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সদস্য। তার বাড়ি ভোলায়। কনক পরিবহন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাই আজিজুর রহমান খানের,

ধর্মমন্ত্রী মতিউর রহমানের ভাই মমতাজুল ইসলামের বাস চলে ঢাকা-ময়মনসিংহ পথে শামীম এন্টারপ্রাইজ নামে। ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী ঢাকা পরিবহন ও ঢাকা-কিশোরগঞ্জ রুটে শৌখিন পরিবহনের মালিক বিএনপি নেতা মির্জা আব্বাস।

বিএনপি নেতা ও সাবেক এমপি জি এম সিরাজ এসআর পরিবহনের মালিক। হানিফ পরিবহন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহম্মেদের ভাই সাভার বিএনপি নেতা মোহাম্মদ হানিফের।

খালেক এন্টারপ্রাইজের মালিক বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এস এ খালেক। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান ওরফে ইরান দেশ বাংলা পরিবহন কোম্পানির চেয়ারম্যান।

বেস্ট ট্রান্সপোর্ট লিমিটেডের এমডি মাইজু উদ্দিন, লাব্বাইক ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান এবং মঞ্জিল পরিবহন লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলেমান। ট্রান্সসিলভা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুকুল মৃধা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান মোল্লার ভাই। এই পরিবহনের চেয়ারম্যান রেজাউল করিম খোকন।