সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফলোঅন এড়াতেই ওয়েস্ট ইন্ডিজ মরণ দশা !

news-image

ভারত ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে ৬৪৯ রানের বোঝা। ওয়েস্ট ইন্ডিজের এই ভঙ্গুর দলের সাধ্য কি বিশাল এই রান পাহাড়ের জবাব দেওয়ার! ওয়েস্ট ইন্ডিজ তা পারবে না, এটা জানাই ছিল। তাই বলে ভারতের রানের নিচে চাপা পড়ে এভাবে চিড়েচ্যাপ্টা হতে হবে! আক্ষরিক অর্থেই ভারতের রান পাহাড়ের নিচে পড়ে ক্যারিবীয়দের অবস্থা চিড়েচ্যাপ্টা। ৬৪৯ রানের ভারি বোঝা কাঁধে নিয়ে ব্যাট করতে নেমে ৯৪ রানেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। মানে দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়রা পিছিয়ে আছে ৫৫৫ রানে।

ফলোঅন এড়াতেই ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরও ৩৫৬ রান। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। রাজকোর্ট টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত পৃথ্বি শ। এই তরুণের দেখানো পথে হেঁটে আজ শুক্রবার দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও। কোহলি গড়েছেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ২৪তম সেঞ্চুরি। এই মাইলফলক তিনি ছুঁয়েছেন ১২৩ ইনিংস খেলে। তার চেয়ে কম ইনিংস খেলে ২৪তম সেঞ্চুরি করেছেন ইতিহাসে মাত্র একজন, অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। যিনি ২৪তম সেঞ্চুরি করেছিলেন মাত্র ৬৬ ইনিংসে।

কোহলির পর সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জাদেজাও। যেটি আবার টেস্টে তার প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির কাছকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতের আরও দুজন। চেতেশ্বর পুজারা করেছেন ৮৬ রান এবং রিশভ প্রান্ত আউট হয়েছেন ৯২ রানে।

তিন সেঞ্চুরি আর দুটি সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংসই ভারতকে তুলে দেয় রানের পাহাড়ে। স্বাগতিকদের সংগ্রহটা আরও বড় হতে পরত। কিন্তু জাদেজা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দেন বিরাট কোহলি। ভারতের নামের পাশে তখন ৯ উইকেটে ৬৪৯ রান। টেস্টের এক ইনিংসে যা ভারতের দশম সর্বোচ্চ সংগ্রহ।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৭ রানের মধ্যেই দুই ক্যারিবীয় ওপেনারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সামি। ক্রেইগ ব্রাফেট ২ ও কাইরান পাওয়েল আউট হন ১ রান করে। শুরুর এই চাপ আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বরং চাপে ভেঙে পড়ে ৭৪ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে দলকে ৯৪ পর্যন্ত নিয়ে গেছেন রোস্তন চেস ও কেমো পল। দিন শেষে চেস ২৭ ও পল ১৩ রানে অপরাজিত আছেন। ভারতীয় বোলারদের মধ্যে সামি ২টি এবং অশ্বিন, জাদেজা ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নিয়েছেন।

ক্যারিবীয়দের ব্যাটিং দৈন্যতা ফুটিয়ে তুলবে চমকপ্রদ এই তথ্যটি-ক্রিকইনফো ক্যারিবীয়দের ব্যাটিংয়ের কোনো ছবিই আপলোড করেনি! রাজকোর্ট টেস্টের দ্বিতীয় দিনের যে কয়টা ছবি পোস্ট করা হয়েছে, সবই ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের উল্লাসের।

পরিস্থিতি যা, তাতে আজ তৃতীয় দিনেই ফুরিয়ে যেতে পারে রাজকোর্ট টেস্টের আয়ু।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান