মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বিএনপির ৭ দফা আমলে নিচ্ছে না সরকার

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে সরকারের কাছে সাত দফা দাবি উত্থাপন করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলটির এই সাত দফা দাবিকে আমলে নিচ্ছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বিএনপির এসব দাবিকে অসাংবিধানিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন।

দলটির নেতারা বলেন, আগামী নির্বাচনের আগে তাদের এসব দাবি মানার সুযোগ নেই। এ ছাড়া এসব অসাংবিধানিক দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি করার কোনো সুযোগও দিতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। এজন্য ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে শাসকদলের হাইকমান্ডের পক্ষ থেকে।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি যেসব দাবি জানিয়েছে তা নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন ধরেই তারা এসব অসাংবিধানিক দাবি জানিয়ে আসছে। বিএনপি নেতারা নিজেরাও জানেন তাদের এসব দাবি পূরণ হওয়ার নয়। দলটির প্রধান ও আসল উদ্দেশ্য এসব দাবি করার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে নির্বাচনের আগে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হবে না।

সম্পাদকমন্ডলীর তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিউইয়র্ক থেকে দেশে ফিরেই নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আমাদের একটা শক্তিশালী প্রতিপক্ষ আছে। তাদের চক্রান্ত অনবরত চলছে। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, এটা মাথায় রেখেই চলতে হবে। প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে গত কাল সোমবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর তাকে গণভবনে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।

এদিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির আসল উদ্দেশ্য কী তা আওয়ামী লীগ ভালোমতোই বোঝে। তারা এসব দাবিদাওয়া করে কি ঘোঁট পাকাতে চাচ্ছে! কাদের নিয়ে কী করছে সব আমরা জানি। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হবে না। জনগণকে বিভ্রান্ত করার সুযোগ তারা পাবে না। এরই মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতারা সারা দেশে সফর শুরু করেছেন।

সোমবার থেকে রাজধানীতে প্রচার-প্রচারণার কাজ শুরু হয়েছে। ১৪ দল বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করবে। এভাবেই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখা হবে। জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা ফাঁকা সুযোগ পাবে না। নেত্রী যেহেতু মাত্র দেশে এসেছেন, তার সঙ্গে আলোচনা করে আগামী দিনের করণীয় ঠিক করা হবে।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি এসব দাবি আগেও করেছে, তাদের এসব পুরানো দাবি নিয়ে আমাদের চিন্তা করার সময় নেই। নির্বাচন হবে সংবিধান মোতাবেক। আমরা শুরু থেকেই বলে আসছি, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সংবিধানে যে সংযোজন-বিয়োজন হয়েছে তা তো ২০০৯ সালের পার্লামেন্টে হয়েছে। সেই পার্লামেন্টে তারাও ছিল। ২০১৪ সালের নির্বাচন সেই মোতাবেক হয়েছে।

২০১৪ সালের পার্লামেন্টে আমরা কোনো পরিবর্তন করিনি। তাই এখানে নতুন করে আবদার করার সুযোগ নেই। তারা রাজধানীতে জনসভা করেছে এটা ভালো কথা, যদিও সেখানে তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। সেগুলো আমরা না-ই বা বলি। তবে তারা যে অভিযোগ করে আসছে সরকার তাদের কর্মসূচি পালন করতে দেয় না সেটা সঠিক নয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার কখনই বাধা দেয়নি।

এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আগামী ৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি চালানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সদস্য বলেন, সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিএনপির ষড়যন্ত্রমূলক রাজনীতি সম্পর্কে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। পাশাপাশি এর মধ্য দিয়ে রাজধানীতে নেতাকর্মীদের চাঙ্গা করাও হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন, না এলে এসব দফা দিয়ে কিছু হবে না। তিনি বলেন, নির্বাচনে আসুন। যদি নির্বাচন না করেন তাহলে এসব দফা রফা হয়ে যাবে। নির্বাচনে না এলে যত দফাই দেন কোনো লাভ হবে না।

অন্যদিকে পীযুষ কান্তি ভট্টাচার্য্য বলেন, বিএনপি যেসব দাবি জানিয়েছে তা অযৌক্তিক ও অসাংবিধানিক। আমাদের অবস্থান স্পষ্ট, সংবিধানের মধ্যে থেকেই জাতীয় নির্বাচন হবে। এই অবস্থানের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তাই বিএনপির এসব দাবি পূরণের প্রয়োজন আছে বলেও আমি মনে করি না।

সূত্র: বিডি২৪লাইভ