মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, গুঞ্জন সত্য হলো
বিনোদন প্রতিবেদক: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মিস ওয়ার্ল্ড বাংলাদেশের। গতবারের আসরে ফলাফল ঘোষনার পর পরই শুরু হয় তুমুল বিতর্ক। আয়োজক ও বিচারক দ্বন্ধে শেষ পর্যন্ত মুল মন্চে ঘোষিত চ্যাম্পিয়ানের নাম পরে সংবাদ সম্মেলন করে বদলাতে বাধ্য হয়। আর এবার তো এক ধাপ এগিয়ে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার আগেই চ্যাম্পিয়নের নাম মানুষের মুখে ফিরতে থাকে।
সারাদিন ধরে শোবিজের আকাশে একটাই গুন্জন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হবেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অনুষ্ঠানস্থলে ঢোকার পরও অনেকেই বললেন, ফলাফল তো জানাই আছে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী।
শেষ পর্যন্ত গুন্জনই সত্যি হলো। সন্ধ্যা সাতটা চল্লিশে শুরু হওয়া অনুষ্ঠান যখন রাত পৌনে বারোটায় শেষ হচ্ছিল তখন উপস্থাপক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঐশীর নামই ঘোষনা করে। মিস ওয়ার্ল্ড ২০১৮ সালে যে আসর চীনে বসবে তাতে এই ঐশীই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে বসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ সালের গ্র্যান্ড ফিনালে আয়োজন।
এখানেই ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে সেরা ১০ সুন্দরীদের থেকে পিরোজপুরের মেয়ে ঐশীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ তে এবার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী হচ্ছেন নিশাত নাওয়ার, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী।
এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। আজকের ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী এবার এইচএসসি পাশ করেছেন। সামনের দিনগুলোতে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান। বাল্যবিবাহরোধেও নিজেকে কাজে লাগাতে চান বলে জানান তিনি।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আজরা মাহমুদ, সনিকা ও নিরব। গতবছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র আয়োজন করেছিল অন্তর শোবিজ। নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে জান্নাতুল নাঈম এভ্রিলকে বাদ দিয়ে গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন জেসিয়া ইসলাম। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রথম আলোকে বলেন,’বিজয়ী ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর প্রতিনিধি হয়ে আগামী ৭ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন। তাঁর হাতেই লাল-সবুজের পতাকা উড়বে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে। যাওয়ার আগ পর্যন্ত আমরা তাঁকে প্রশিক্ষকের মাধ্যমে আরও যোগ্য করে গড়ে তোলার কৌশল শেখাব।’










