মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ হারাল আপন ভাই দেবর-ভাবির পরকীয়ার জেরে

news-image

নিউজ ডেস্ক।। বিয়ের কিছু দিনের মধ্যেই মনিরুজ্জামান মনিরের ছোট ভাই আজমল হক মিন্টুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী কাজল রেখা। একপর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় দেবর-ভাবি। কিন্তু তাদের সিদ্ধান্তের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় মনির। অবশেষে সাত মাসের পরিকল্পনার পর ভাড়াটে খুনিদের দিয়ে গত ৭ সেপ্টেম্বর মনিরকে হত্যা করায় তার ভাই ও স্ত্রী।

আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। তুলে ধরেন এই হত্যাকাণ্ডের আদ্যপান্ত।

ডিসে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় খোলা মাঠ থেকে মনিরুজ্জামান মনিরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে ময়নাতদন্তের সময় মনিরের ছোট ভাই আজমল হক মিন্টু লাশ শনাক্ত করেন। একই দিন মিন্টু বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করেন। কিন্তু কী কারণে তাকে হত্যা করা হয়, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি কেউ। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।’

মোস্তাক আহমেদ বলেন, ‘মনির-মিন্টুদের গ্রামের বাড়ি দিনাজপুরে। কর্মসূত্রে মনির থাকতেন ফেনীতে, মিন্টু থাকতেন কড়াইল বস্তি এলাকায়। মনিরের স্ত্রী কাজল রেখা দুই সন্তানকে নিয়ে থাকতেন দিনাজপুরে। এর মধ্যেই মিন্টুর সঙ্গে কাজল রেখার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দেবর-ভাবি সিদ্ধান্ত নেন, তারা বিয়ে করবেন। তবে মিন্টুকে কাজল রেখা শর্ত দেন, বিয়ে করতে হলে ভাইকে মেরে ফেলতে হবে। সেই অনুযায়ী গত পাঁচ থেকে সাত মাস ধরে মনিরকে হত্যার পরিকল্পনা করেন তারা।’

ডিসি আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী মিন্টু ঢাকায় কিলার আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করেন। এক লাখ টাকায় মনিরকে হত্যায় রাজি হয় মান্নান। মনিরকে খুন করতে ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় মান্নানকে, বাকি টাকা কাজ শেষে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। মান্নান জানান, ছিনতাইয়ের সময় মনির খুন হয়েছে— এমনভাবে পরিকল্পনা করা হবে।’

মোস্তাক আহমেদ জানান, ঈদ করতে মনির ফেনী থেকে বাড়ি গিয়েছিলেন। তবে ফেনীতে ফেরার আগে ছোট ভাই মিন্টু তাকে জানান, তার বিয়ের জন্য মেয়ে দেখতে হবে ঢাকায়। কাজল রেখাও স্বামীকে তাড়া দেন ঢাকা যাওয়ার জন্য। পরে ৭ সেপ্টেম্বর দিনাজপুর থেকে ঢাকার পথে রওনা দেন মনির। ঢাকায় নামার পর মিন্টুকে ফোন দিলে তিনি মনিরকে জানান, শাওন নামে তার এক বন্ধুকে পাঠিয়েছে ভাইকে রিসিভ করার জন্য। শাওনের সঙ্গে গাবতলী থেকে গাড়িতে করে রওনা দেন মনির। ওই গাড়িতেই ছিলেন আব্দুল মান্নান ও ফাহিম। শাওনসহ এই দু’জনও ছিলেন কন্ট্রাক্ট কিলার, যাদের সঙ্গে এক লাখ টাকায় মনিরকে হত্যার চুক্তি।

ওই গাড়িতে করে প্রথমে মনিরকে নিয়ে যাওয়া হয় নতুন বাজার এলাকায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সাতারকুল এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পশ্চিম দিকে মেরুর হিন্দু পাড়ার পাশে খোলা মাঠের পায়ে হাঁটার রাস্তার পাশে। সেখানেই মনিরকে হত্যা করে পালিয়ে যায় আব্দুল মান্নান, ফাহিম ও শাওন।

উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘এই হত্যাকাণ্ডের পর প্রযুক্তির সহায়তা নিয়ে সংশ্লিষ্ট সবার ফোন কল রেকর্ড করে জানা যায়, দেবর-ভাবির প্রেমের সম্পর্কের কথা। পরে ১২ সেপ্টেম্বর কাজল রেখাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার কথা স্বীকার করে পুরো পরিকল্পনা বলে দেন। পরে আদালতে জবানবন্দিও দিয়েছেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ীই গ্রেপ্তার করা হয় মিন্টুকে। তার কাছ থেকে তথ্য নিয়ে পরে কিলার মান্নান, শাওন ও ফাহিমকেও গ্রেপ্তার করা হয়। তারাও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল শনিবার আটকদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আগের মামলার বাদী আসামি হওয়ায় পুলিশ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেছে।