বড় জয়ের পথে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ২৭ ওভারে ৯৭/৮ (বাংলাদেশ ৪৯.৩ ওভারে ২৬১)
লোয়ার অর্ডারে একটি প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন সুরাঙ্গা লাকমল। জুটি গড়ার চেষ্টা করেছিলেন দিলরুয়ান পেরেরাকে নিয়ে। সেই চেষ্টার ইতি টানলেন মুস্তাফিজ। অফ কাটারে বোল্ড করে দিলেন লাকমলকে।
লাকমল বিদায় নিলেন ২০ রানে। ভাঙল ২৭ রানের জুটি, ইনিংসের যা সর্বোচ্চ। ২৫.২ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৯৬।
থিসারার ঝড় উঠল না
আগের বলেই রিভিউ নিয়ে সফল হয়নি প্রতিপক্ষ। তবে থিসারা পেরেরা নিজেই উইকেট উপহার দিলেন। মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন পয়েন্টে রুবেলের হাতে।
বাংলাদেশকে অনেকবার ভোগানো বিপজ্জনক থিসারার বিদায় ৬ রানেই। বড় হারের পথে শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে রান ৭ উইকেটে ৬৯।
রিভিউ হারাল বাংলাদেশ
মিরাজের স্কিড করা বল ঠিকমতো খেলতে পারেননি থিসারা পেরেরা। বোলারের মনে হলো বল লেগেছিল প্যাডে। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নিল বাংলাদেশ। রিপ্লেতে দেখা গেল, বল প্যাডে লাগেইনি। লেগেছে ব্যাটে। বাংলাদেশ হারাল রিভিউ।
রুবেলের শিকার ম্যাথিউস
উইকেট উৎসবে যোগ দিলেন রুবেল হোসেন। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। লেংথ থেকে অ্যাঙ্গেলে একটু ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ। ধারাভাষ্যকক্ষে কুমার সাঙ্গাকারা বললেন, “শ্রীলঙ্কার শেষ আশাও হয়ত শেষ হয়ে গেল।”
ম্যাথিউস আউট হলেন ১৬ রানে। ১৭.২ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৬৩।
রান আউট শানাকা
ক্যাচ দিয়ে বেঁচে গেলেও রান আউট থেকে বাঁচতে পারলেন না দাসুন শানাকা। পানি বিরতির পর প্রথম বলেই বাংলাদেশ তুলে নিল আরও একটি উইকেট।
মিরাজের বল লেগ সাইডে ঠেলে রানের জন্য ছুটছিলেন ম্যাথিউস। তখন ছুটতে শুরু করেন শানাকাও। কিন্তু থমকে যান ম্যাথিউস। সময়মতো ফিরতে পারেননি শানাকা। সাকিবের থ্রো ধরে বেলস ফেলেছেন বোলার মিরাজ।
৭ রানে ফিরলেন শানাকা। ১৬.১ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৬০।
মিরাজের শিকার কুসল পেরেরা
মেহেদী হাসান মিরাজের বল শুরু থেকেই ঠিকমতো খেলতে পারছিলেন না কুসল পেরেরা। শেষ পর্যন্ত বিপজ্জনক বাঁহাতি ব্যাটসম্যানকে বিদায় করেই দিলেন মিরাজ।
স্টাম্পের একটু দূর থেকে করা বলে মিরাজ পরাস্ত করলেন কুসলকে। বল লাগল পায়ে। আম্পায়ারের আঙুল উঠতে সময় লাগেনি। এমনিতে আক্রমণাত্মক পেরেরা এদিন করেছেন ২৪ বলে ১১।
৯.২ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৮।
মাশরাফির আরেকটি
থারাঙ্গার পর এবার শ্রীলঙ্কার মিডল অর্ডারের অন্যতম ভরসা ধনাঞ্জয়া ডি সিলভাকেও ফেরালেন মাশরাফি। দারুণভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ। বিপদে শ্রীলঙ্কা।
অফ স্টাম্পে পিচ করে হালকা ভেতরে ঢোকা বল ঠিকমতো খেলতে পারেননি ধনাঞ্জয়া। আবেদনের সঙ্গে সঙ্গেই আঙুল তোলেন আম্পায়ার। শ্রীলঙ্কা রিভিউ নিয়েছিল। তাতে কাজ হয়নি। উইকেটের পাশাপাশি হারাতে হয়েছে রিভিউটিও।
শূন্য রানে ফিরলেন ধনাঞ্জয়া। ৪.৩ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩২।
মাশরাফির প্রতিশোধ
ইনিসের দ্বিতীয় বলেই মাশরাফিকে ছক্কা। চতুর্থ বলে চার। পরের ওভারে মুস্তাফিজকে দুটি চার। উপুল থারাঙ্গা শুরু করেছিলেন ঝড়ের বেগে। সেই ঝড় থামিয়ে মাশরাফি নিলেন মধুর প্রতিশোধ।
জায়গা বানিয়ে খেলতে পছন্দ করেন থারাঙ্গা। সেই জায়গাই দেননি মাশরাফি। ভেতরে ঢোকা বল থার্ডম্যানে পাঠাতে গিয়ে থারাঙ্গা টেনে আনলেন স্টাম্পে।
১৬ বলে ২৭ রানে বোল্ড থারাঙ্গা। ৩ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৮।
মেন্ডিসকে ফেরালেন মুস্তাফিজ
শুরু থেকেই ঝড় তুলেছেন উপুল থারাঙ্গা। তবে আরেক পাশে কুসল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন মুস্তাফিজ।
এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইরাসমাস। রিভিউ নেয় বাংলাদেশ। মূল প্রশ্ন ছিল বল লাইনে পিচ করেছে কিনা। সেটি ছিল ঠিক। রিভিউ পক্ষে আসে বাংলাদেশের। মেন্ডিস আউট হলেন তার খেলা প্রথম বলেই।
২ ওভার শেষে শ্রীলঙ্কা ১ উইকেটে ২২।











