মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলে ভর্তি পরীক্ষা, নূন্যতম জিপিএ ৮ না করার পক্ষে মত বেশি

news-image
আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নূন্যতম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) জিপিএ ৮.০০ করার প্রস্তাবের বিপক্ষে মত এসেছে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভা থেকে। যদি জিপিএ ৮ নির্ধারণ করা হয়, তাহলে অপেক্ষাকৃত কম মেধাবীরা চিকিৎসা সেবায় প্রবেশ করবে, এটা দেশের জন্য ভাল হবে না বলে মত দেয়া হয়।
মেডিকেলে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গঠিত ওভার সাইট কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৈঠকের শুরুতে মন্ত্রী এ শিক্ষাবর্ষেও পূর্ববর্তী বছরের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন।
বৈঠকে নূন্যতম জিপিএ ৮.০০ করার প্রস্তাব উপস্থাপন করেন বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন। তিনি ছাড়া বৈঠকে উপস্থিতদের মধ্যে আর কেউ জিপিএ ৮ করার পক্ষে কোনো যুক্তি বা প্রস্তাব উপস্থাপন করেননি।
এই প্রস্তাবের বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবিএম মাকসুদুল আলম বলেন, এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার যোগ্যতার বিষয়টি আইন অনুযায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারণ করে। নূন্যতম যোগ্যতা জিপিএ ৮.০০ নির্ধারণ করতে হলে বিএমএন্ডডিসির অনুমোদন দরকার, যা এই কাউন্সিলের সভা থেকে নির্ধারণ সম্ভব না।
নূন্যতম জিপিএ ৮.০০ নির্ধারণের যুক্তি হিসেবে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন বলেন- এবারের এইচএসসি পরীক্ষায় গতবারের চেয়ে ১২ শতাংশ কম শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
বৈঠকে বিএমএন্ডডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, জিপিএ ৮ নির্ধারণ করতে হলে বিএমএন্ডডিসির কাউন্সিল সভা আহ্বান করতে হবে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জিপিএ ৮ নির্ধারণ করা হলে চিকিৎসা সেবায় অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের অণুপ্রবেশ ঘটতে পারে, যা জাতির জন্য মোটেও কাম্য নয়।
দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আনা সমীচীন হবে না। এতে শিক্ষার্থীরা অযথাই হয়রানির সম্মুখীন হবে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নূন্যতম যোগ্যতার উদাহরণ টানেন কেউ কেউ। এ বিষয়ে নাঈমুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও পড়াশোনা মেডিকেল কলেজের চেয়ে ভিন্ন। এই দুই বিষয়ের তুলনা অনুচিৎ।
একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুলও মনে করেন- এমবিবিএস কোর্সে অধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ অনুচিৎ। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী সংকট হচ্ছে না। কোনো মেডিকেল কলেজে আসনও শূন্য থাকছে না। নূন্যতম জিপিএ অপরিবর্তিত রাখার মত দেন বুলবুল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন বৃদ্ধির প্রস্তাব করেন। এতে অংশগ্রহণকারী প্রত্যেকেই সমর্থন প্রদান করেন। তিনি বলেন, বেসরকারি মেডিকেলের চেয়ে সরকারি মেডিকেলে সুযোগ-সুবিধা বেশি, অথচ সরকারি মেডিকেলে আসন সংখ্যা কম।
বৈঠকে অন্যদের মধ্যে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) বদরুন নেছা, সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল আলম, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনস্ (বিসিপিএস)’র সাবেক সভাপতি অধ্যাপক মো. সানোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) আবদুর রশীদ প্রমুখ অংশগ্রহণ করেন।