‘আমার মতো দোষী বাংলাদেশে কেউ নেই’
গোলরক্ষক শহীদুল আলম সোহেলের হাস্যকর ভুলের খেসারত দিয়ে নেপালের বিপক্ষে ২-০ গোলে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজের সেই ভুলের খেসারত এখন ব্যক্তিগতভাবে দিচ্ছেন আবাহনী লিমিটেডের এই গোলরক্ষক।
মৃদু আলোতে খাটের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছেন সোহেল। কিছু জিজ্ঞাসা করলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকছেন আর কাঁদছেন অঝোরে। নেপালের বিপক্ষে বাজে গোল হজম তাঁর জীবনকে করে তুলেছে দুর্বিষহ। হাস্যকর গোল হজমের পেছনে কোনো অজুহাত দিলেন না বরং নিজেকেই তুলে দিলেন কাঠগড়ায়। কতটা অনুশোচনায় ভুগছেন এই গোলরক্ষক, আবাহনী লিমিটেড ক্লাবে নিজের কক্ষে বসে তাঁর অঝোর কান্নাই বলে দিচ্ছিল তা।
সকালে ঘুম থেকে উঠেই হোটেল ছেড়ে ক্লাবে এসে উঠেছেন। আসলে ঘুম তো নয়, সারা রাত ছিলেন জেগেই। ছটফট করেছেন বিছানায়—অনুশোচনায়, হতাশায়। অমন একটা সন্ধ্যা, মাঠে অমন একটা ভুলের পর কোন গোলরক্ষকই বা ঘুমাতে পারেন, ‘ভোর পাঁচটার পরে একটু ঘুম এসেছিল। ততক্ষণে আজান পড়ে গিয়েছে। তখনো আমি এপাশ-ওপাশ করছি। এর আগে ফ্লোরে হেঁটেছি। খালি মাথার ভেতর ঘুরছিল, কী করলাম আমি। আমি আমার দেশকে হারিয়ে দিলাম! মানুষ আমাকে ক্ষমা করতে পারবে কি না জানি না? আমিই তো আমাকে ক্ষমা করতে পারব না।’
ভুটান ও পাকিস্তানের বিপক্ষে টানা জয়। মানুষ অনেক দিন বাদে আবার জেগে উঠেছিল দেশের ফুটবল নিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হতে শুরু করেছিল। মানুষের আগ্রহ দেখে অনেকেই ভাবছিল, সেমিফাইনালে দর্শকদের জায়গা দেওয়া যাবে তো। আসলে বাংলাদেশ তো সেমিফাইনালের কাছেই পৌঁছে গিয়েছিল। নেপালের বিপক্ষে ড্র হলেই চলত। উল্টো ২-০ গোলে হেরে ঘরের মাঠে এখন দর্শক বাংলাদেশ। মূলত ৩২ মিনিটে সোহেলের হাত ফসকে হজম করা গোলটিই সাফ থেকে বাংলাদেশকে ছিটকে দিল।
নিজের এমন ভুলে দেশের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ২৬ বছর বয়সী গোলরক্ষক, ‘আমার মতো দোষী এখন বাংলাদেশে কেউ নেই। এত মানুষ মাঠে আশা নিয়ে এসেছিল, আমার একটা ভুলে সব শেষ হয়ে গেল। আমার কাছে এর চেয়ে কষ্টের কিছু নেই। অথচ মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, জেদ ছিল দলকে চ্যাম্পিয়ন করব। দুই ম্যাচ জিতলাম। অথচ একটা ভুলেই শেষ করে দিলাম সব (অঝোরে কান্না)।’
কোনো সন্দেহ নেই ম্যাচে বাজে গোল হজম করলে দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে তা। এটিও সত্য বাজে গোল হজম খেলারই অংশ। কিন্তু সোহেলের ভুলটাকে মেনে নিতেই কষ্ট হচ্ছে সমর্থকদের। আসলে এমন হাস্যকর গোল হজম মেনে নেওয়া কষ্টও। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্রে তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। যার হাত থেকে রেহাই পাচ্ছে না তাঁর পরিবারের সদস্যরাও।
তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনা গুলো স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন। কিন্তু আগামী মাসে বাবা হতে চলা সোহেলের দুশ্চিন্তা তাঁর স্ত্রীকে নিয়ে। গতকালের ম্যাচের পর সমালোচনার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, ‘কেন এমন ভুল হলো, আমি বুঝতে পারছি না। ভেবেছিলাম গোল পরিশোধ হলে আমি কিছুটা মুক্তি পাব। হলো না। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার স্ত্রীকেও এই সমালোচনা শুনতে হচ্ছে। সে অসুস্থ হয়ে পড়েছে। শুধু আমিই জানি কিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি।’











