মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি ঠিক না হলে চলচ্চিত্র ‘ছেড়ে দেবেন’ বাপ্পি

news-image

প্রায় এক দশকের ক্যারিয়ারে ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির ‘সুলতান’ খ্যাত নায়ক বাপ্পি চৌধুরী। এত সময় পার করার পর তিনি চলচ্চিত্র ছেড়ে ‘অন্য পেশা’য় নিজেকে প্রতিষ্ঠিত করার ভাবনার কথা জানিয়েছেন। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন মানসম্পন্ন ছবি নির্মাণের সংখ্যা ‘অতি মাত্রায় হ্রাস পাওয়া’কে।

৪ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাপ্পি।

প্রায় আধা ঘণ্টার আলাপে চলচ্চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন এই নায়ক। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ একজনের ওপর ভরসা করে চলতে চায়। আর যারা সিনেমা প্রযোজনা করছে, তাদের কেউ কেউ ভাবে না, দর্শকদের রুচিবোধের বৃহৎ অর্থে পরিবর্তন ও বিকল্প কাউকে নিয়ে কাজ করার কথা।’

চলচ্চিত্র নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আমি হতাশ। এখান থেকে বের হওয়ার চেষ্টা যে করতেছি না, তা কিন্তু নয়। প্ল্যান করতেছি। আমি এ বছরটা দেখব, যদি প্রোপারলি রিমুভ না হয়, তাহলে হয়তো বা আমি থাকব না এ ইন্ডাস্ট্রিতে। তখন বিজনেস করব। কারণ স্টারডম ফ্লপ করে চলে যাওয়ার চাইতে তার আগে চলে যাওয়াটাই বেটার।’

এখন যে প্রোডাকশন হাউসটি ভালো কাজ করছে, তার সঙ্গে বাপ্পির কাজ করা হচ্ছে না। তিনি মনে করেন, তাদের সঙ্গে থাকলে তার ভালো কাজ হতো। কিন্তু সে জায়গাটা এখন আর নেই। কিন্তু ব্যক্তি যোগাযোগ ঠিকই আছে। হয়তো অদূর ভবিষ্যতে ভালো কিছু হবে।

প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর দিকে ইঙ্গিত করে বাপ্পি বলেন, ‘তাদের কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের কাছে কোয়ালিটির কেনো ভ্যালু (মূল্য) নেই। তাদের যাদের নিয়ে কাজ করতে ইচ্ছে হয়, তাদের নিয়ে করছে। এর বাইরে যারা কাজ করছে, তারা তাদের পছন্দের নায়ককে নিয়ে করছে। আর যারা এফডিসি ঘরানার ছিল, তারা এখন খুব কম কাজ করছে। এ কারণে কাজের ফ্লোটা (স্বাভাবিক গতি) কমে গেছে। আমি ইন্ডাস্ট্রির পলিটিক্সটা ভালোভাবেই পেয়েছি, তার মধ্যে পড়েও গেছি।’

বাপ্পি মনে করেন ক্যারিয়ার যতটা সময় নিয়ে তৈরি করেছেন, সেটা ‘নষ্ট’ হতে খুব বেশি সময় লাগবে না, যদি না তিনি ভালো মানের সিনেমা দর্শকদের দিতে না পারেন।

‘আমার তো একটা স্ট্রং অডিয়েন্স আছে। এত বছর ধরে যে অডিয়েন্সটা বানিয়েছি, সেটা নষ্ট করতে দুই দিনও লাগবে না। এখন আমি যদি কাজ দিতে না পারি, তাহলে তো আর তারা থাকবে না। আর স্টার মানেই দর্শকদের রুচি চেঞ্জে ভূমিকা রাখা। কাজ না থাকলে এসব বলে কিন্তু কোনো লাভও নেই’, বলেন বাপ্পি।

‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে আসা এই নায়ক বলেন, ‘এখন আমার এমন প্রযোজক দরকার, যারা ভালো কাজের জন্য আমার পাশে থাকবে। আমি যদি সাধারণ মানের একটা ছবির টাকা প্রযোজককে ফেরত দিতে পারি, তাহলে আমি কেন ভালো মানের একটা ছবির টাকা তুলে দিতে পারব না? আমার বিশ্বাস, খুব শিগগিরই সে জায়গাটায় পৌঁছাতে পারব।

এখন যারা আমাকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছে, তারা এখন আমি যে ধরনের ছবিগুলোতো অভিনয় করতে চাই, তারা সেটা ভাবছে না।’

একজন নায়কের প্রতিষ্ঠিত হতে মোটামুটি পাঁচ থেকে ছয় বছর লাগে মন্তব্য করে বাপ্পি বলেন, ‘এই স্ট্যাবলিশ একটা হিরোকে আমরা চোখের সামনে ধ্বংস করে দিই। একটা জিনিস আমরা ভাবি না, আজ যদি বাপ্পিকে নিয়ে কেউ যদি দুইটা নতুন প্রজেক্ট করার কথা ভাবে, তাহলে ক্ষতি কী? আমি শুধু আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি। তাহলে তো ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে। যদিও আমি জানি, এমনটা ভাবার লোক খুব কম। তাই কিছুটা খারাপ লাগা আছে এ নিয়ে।

আমি কিন্তু আমার অবস্থান জানি। সে জন্য আমি কিন্তু আকাশচুম্বী কোনো প্রত্যাশাও করি না। কিন্তু ধাপে ধাপে আগানোর কিন্তু একটা বিষয় আছে। আমি সে জায়গাটার কথা বলছি। মানে বড় একটা ড্রাইভ দরকার। সে জায়গাটা আমার দরকার। কিন্তু সময়টা পক্ষে না। আমি তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রোডাকশন করেছি। তার মধ্যে বেশ কিছু ছবি হিটও হয়েছে, যা অনেকে করেওনি।’

চলচ্চিত্রের প্রয়োজনা নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘আমার অনেক প্রযোজক চলে গেছে। তারা এখন আর সিনেমা নির্মাণ করতে চায় না। ইন্ডাস্ট্রির এত জটিলতা তারা আর ফেস করতে চাচ্ছেন না। আমার যেটা মনে হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। সাময়িক একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ধৈর্য ধরা ছাড়া আর কিছু করার নেই।’

বাপ্পি চৌধুরী অভিনীত বেশ কয়েকটি ছবি এখন মুক্তির তালিকায় আছে। ছবিগুলো নিয়ে আশাবাদী এই নায়ক। সেগুলোর মধ্যে কয়েকটির কাজ শেষ। আর কিছু ছবির কাজ প্রায় শেষের দিকে রয়েছে। ছবিগুলো হলো ‘দাগ’, ‘ডেঞ্জার জোন’, ‘নায়ক’, ‘পাগলামি’, ‘প্রেমের বাঁধন’ ও ‘ভোলা’।