মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে সড়কে ঝরলো ২৪ প্রাণ

news-image

ডেস্ক রিপোর্ট: শনিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৪ জনের। এর মধ্যে শুধু নাটোরেই মারা গেছেন ১৪ জন। এছাড়া রাজশাহীতে দুইজন, কুমিল্লায় দুইজন, ঢাকায় দুইজন, ফরিদপুরে দুইজন, মাগুরায় একজন ও ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নাটোর: বড়াইগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রামের ক্লিক মোড়ে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে নাটোর-পাবনা সড়কের কদমসিলন এলাকায় ঢাকাগামী ‘চ্যালেঞ্জার পরিবহনের’ সাথে কুষ্টিয়াগামী লেগুনার সংঘর্ষে লেগুনার ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন চালক। যেকারণে ঘটনাস্থলে এসে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।

নিহতদের মধ্যে রয়েছেন- বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের লেগুনা চালক আব্দুর রহিম (৩০), নারায়নপুর গ্রামের রাপচাঁদ প্রামাণিকের স্ত্রী শেফালী বেগম (৪৫), তাহের উদ্দিনের স্ত্রী রজুফা বেগম (৩৫), জামাইদিঘা গ্রামের নওফেল হোসেনের স্ত্রী লাগেনা বিবি (৫৫), রাজশাহীর চারঘাট থানার মীরকামারি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে শাপলা খাতুন (২০), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা সদরের রোকনুজ্জামান (৫৫), পাবনার ঈশ্বরদি থানার মুলাডুলি গ্রামের মন্টু বিশ্বাসের স্ত্রী আদরী বেগম (৩৫), তার ছেলে প্রত্যয় বিশ্বাস (১২) ও মেয়ে স্বপ্না বিশ্বাস (১৫), পাকশি এলাকার সোবহান আলী (৭৫)। অন্যদের নামপরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন নিহতদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছে।

এদিকে শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাকের মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাবু হোসেন (৩০) নামের একজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাজশাহী ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

রাজশাহী: রাজশাহীতে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী পৌর এলাকার সমশাদিপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতরা হলেন- কাটাখালীর দেওয়ানপাড়া এলাকার নাজিম (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আহতরা হলেন- নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)।

নিহত নাজিমের চাচাতো ভাই ও কাটাখালি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব জানান, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোভ্যানে কাপাশিয়া এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি রাস্তার উপর উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

কাটাখালী থানার ওসি মেহদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে নাজিম ও আরাফাতকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৪৫ মিনিটের ব্যবধানে শ্যামলী পরিবহনের দু’টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুই যাত্রী নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। শনিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় একটি এবং সাড়ে ৫টার দিকে রায়পুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেকটি বাস খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোর পৌনে ৫টার দিকে মহাসড়কের জিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ২৫ জন।

তিনি আরও জানান, ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কেউ নিহত না হলেও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়।

ওসি আজাদ জানান, দু’টি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা​: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার ভোরে বাড্ডার প্রগতি স্মরণিতে ও গত শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

বাড্ডা থানার এসআই শরিফুল ইসলাম জানান, প্রগতি স্মরনি লিংক রোডে ভোর ৪টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) একটি গাড়ি চাপায় দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনা ঘটানো গাড়িটি সনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।

অপরদিকে, শাহবাগ থানার এএসআই জাকারিয়া জানান, গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৫৫) চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘাতক গাড়িটি সনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুর: ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার বাইপাস সড়ক ও বিকেল পৌনে তিনটার দিকে ভাঙ্গার হামেরদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে। এতে আরো ছয়জন আহত হন।

পুলিশ জানায়, ফরিদপুর সদরের নূরু মিয়া বাইপাস সড়কের মুন্সীবাজার এলাকায় একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন পথচারী খাদিজা বেগম (৪৫) নামে এক গৃহবধু। খাদিজা বেগম ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আসাদ মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান বলেন, ঢাকা থেকে বাখুন্ডাগামী মাইক্রেবাসটি পথচারি ওই গৃহবধুকে চাপা দিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় খাদিজা বেগম ঘটনাস্থলেই নিহত হন।

অপর দুর্ঘটনাটি ঘটে বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার হামেরদী ইউনিয়নের হামেরদী গ্রামে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি তিন চাকার যান মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহেন্দ্রের যাত্রী ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে শামীম শেখ (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় মাহেন্দ্রের আরও ছয় যাত্রী আহত হন। তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় বাস-নসিমন সংঘর্ষে পাতারি বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহত পাতারি বেগম একই উপজেলা মহিষগাড়ি গ্রামের হজরত আলির স্ত্রী। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ঝিনাইদহ থেকে বাসটি শেরপুর যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মদনডাঙ্গায় পৌঁছালে একটি নসিমন বাসটিকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমন যাত্রী পাতারি বেগমসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পাতারি বেগম মারা যান। এ ঘটনায় পুলিশ বাস ও বাসের চালককে আটক করেছে।

মাগুরা: মাগুরার রামনগর ও আলমখালী নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌরব রায় জানান, শনিবার বিকেলে মাগুরা ঝিনাইদহ সড়কের আলমখালী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে সবুজ শেখ (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

অন্যদিকে সন্ধ্যার একটু আগে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদরের বেলনগর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও অন্যরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় পিকনিকের একটি বাস উল্টে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সিংগারোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে উপজেলার সাটিয়া (ঈদগাঁ জামাতপাড়া) থেকে অর্ধশত যাত্রী নিয়ে সুরুচি এন্টারপ্রাইজের বাসটি (বগুড়া-জ-১১-০১৩৯) দিনাজপুরের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করে। অাধা কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটি রিকশাভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে উল্টে যায়। এতে বাসের প্রায় সব যাত্রীই আহত হন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে ইকবাল (১৬), রুপালী (১৪) ও শাহনাজ (১৪) নামে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পীরগঞ্জের ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্ ও থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি চিত্তরঞ্জন রায় জানান, পিকনিকের বাসটি একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।