মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেঁদে ফিরল গরু বিক্রেতা

news-image

নিউজ ডেস্ক: যত্ন-আত্তি করে বড় করে তোলা গরুটির দাম ঈদুল আজহার দিন পাঁচেক আগে নরপাটি বাজারে উঠেছিল ৮৫ হাজার টাকা। আরো পাঁচ হাজার টাকা পাওয়া গেলে গরুটি বিক্রি করার আশা ছিল মানুর। গত সোমবার একই বাজারে নিয়ে গেলে গরুর দাম ওঠে ৬০ হাজার টাকা। হতাশ মানু ছুটে যান দেড় কিলোমিটার দূরের ফুলগাঁও বাজারে। সেখানে দাম আরো কম; ৫৫ হাজার টাকা। শেষ পর্যন্ত দেনার টাকা শোধ করতে বাধ্য হয়ে ওই দামেই গরুটি বেচে দিতে হয়েছে তাঁকে।

ঈদের আগে যখন চারদিকে আনন্দ, মানুর চোখ ভেসে যাচ্ছিল দুঃখের জলে। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নরপাটি গ্রামের মানু একা নন, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার গরু ব্যবসায়ীর এবার ঈদ কেটেছে চোখের জলে। কি স্থানীয় বাজার, কি রাজধানীর বাজার—সবখানেই গরুর দরপতনে চোখে অন্ধকার দেখে তারা। কেউ অর্ধেক দামেও গরু বিক্রি করে দেয়। কেউ উল্টো নিজের গাঁট থেকে খরচ দিয়ে ক্ষোভে-দুঃখে গরু ট্রাকে করে ফিরিয়ে নিয়ে গেছে গ্রামে।

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোর একটি বসেছিল গাবতলীতে। ব্যবসায়ীরা বলছে, তিন দশকের মধ্যে এ হাটে গরুর বাজার এত মন্দা হয়নি এবারের মতো। অতীতে বাজার খারাপ হলেও ৬০ শতাংশ গরু বিক্রি হতো। তাদের দাবি, এবার ২০ শতাংশ গরুও বিক্রি হয়নি। রাজধানীর বিভিন্ন হাটে গরুর দরপতনের উদাহরণ দিতে গিয়ে রাজধানীর ইন্দিরা রোডের এক ক্রেতা বলেন, ‘আগের দিন যে গরু আমি গাবতলীতে গিয়ে এক লাখ ৫৫ হাজার টাকা দাম করে রেখেছিলাম, পরের দিন তার দাম কমে হয়েছিল এক লাখ পাঁচ হাজার টাকা।’

মানিকগঞ্জের বাগুটিয়া চরকাটারিপাড়ার ১৩ জনের ২৬টি গরু নিয়ে ১৮টি গরুই বিক্রি করতে পারেননি ইউনুস আলী। আগের দিন ৬৫ হাজার টাকা দাম উঠলেও পরদিন সেই গরুর দাম কেউ বলেছিল ২০ হাজার টাকা, কেউ ২৫ হাজার টাকা।

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সবখানে এবার শেষ সময়ে গরুর দাম এমন পড়ে গেল কেন তা বুঝতে পারছে না ব্যবসায়ীরা। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কালের কণ্ঠকে বলেন, অন্যান্য বছর কোনো হাটে গরুর চাহিদা থাকে, কোথাও উদ্বৃত্ত থাকে। এবার সর্বত্র গরু উদ্বৃত্ত রয়ে গেছে। প্রথম দিকে খামারিরা লাভবান হয়েছে। তবে ঈদুল আজহার আগের দিন সবচেয়ে বেশি দাম পড়েছে। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে তথ্য দিয়েছিলাম যে এবার ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদি পশু ছিল এক কোটি ১৬ লাখ। আসলে তা হবে সর্বনিম্ন এক কোটি ৩০ লাখ। কারণ অনেক খুদে কৃষকের গরুর হিসাবটা অনেক সময় ধরা হয় না। এবার মজুদ বা সরবরাহ বেশি ছিল। আমরা এবার তা আরো নিশ্চিত হলাম।’

দেশে খামারিরা এ বছর গরু পালন করেছে বেশি। দেশীয় গরুর সরবরাহও ছিল যথেষ্ট। ঈদুল আজহার আগে থেকেই তাই দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর পশুর হাটে গরু আনার প্রস্তুতি ছিল ব্যাপক। বড় আশা নিয়ে ট্রাক ভাড়া করে খামারিরা গরু নিয়ে আসে রাজধানীর বিভিন্ন হাটে।

প্রথম দিকে যে দাম উঠেছিল, শেষের দিকে দাম পড়তে থাকায় ব্যবসায়ীরা হঠাৎ বিপদে পড়ে, অসহায় হয়ে পড়ে। খামারি ও ব্যবসায়ীরা মনে করেছিল, এবার শেষ পর্যায়ে দাম বেশি হবে। বিদেশি গরু দেশীয় গরুর হাটে হানা দেবে না। তবে ঈদের দুই দিন আগে গত সোমবার থেকে ভারত ও মিয়ানমার থেকে আসা গরু হাটে আসতে শুরু করলে দেশি গরু ব্যবসায়ীদের বেশি দাম পাওয়ার আশা মাটিতে মিশে যায়। ব্যবসায়ীদের অনেকে বলছে, দেশি পশুর জোগান বেশি থাকায় দাম শেষের দিকে একেবারে নিচে নেমেছে। তাদের হিসাবে গত ৩০ বছরের মধ্যে দেশীয় গরুর দামের এই পতন ছিল সর্বনিম্ন।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, কম হলেও এবার কোরবানির হাটে ২০ লাখ পশু এসেছে দেশের বাইরে থেকে। ঈদের আগের দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাটে বিদেশি গরুর প্রবেশের পরই দেশি গরুর দরপতন শুরু হয়।

মাঝারি গরুর দাম আগের দিন ৮০ হাজার থেকে এক লাখ টাকা উঠেছিল। পরদিন মঙ্গলবার থেকে সেই মাঝারি গরুর দাম ৫৫ থেকে ৭০ হাজার টাকায় নেমে আসে। ব্যবসায়ীরা বলছে, ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন সীমান্তপথে গরু এসেছে হাটে। এ কারণেই কারসাজি করে দেশীয় গরুর দামের পতন ঘটানো হয়েছে বলে খামারি, ব্যবসায়ীরা অভিযোগ করছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমি গত রবিবার গাবতলী হাটে গিয়ে বেশি ভারতীয় গরু দেখিনি—বড়জোর ৫০টি গরু দেখেছি। এগুলো সদ্য আনা হয়েছে বোঝা যায়নি। মিয়ানমার থেকে ১০-১৫ হাজারের বেশি গরু ঢোকানো হয়নি বলে আমার পর্যবেক্ষণ। ভারতীয় গরু আনা শতভাগ বন্ধ করা সম্ভব হয়েছে, এটা বলা যাবে না। আজ আমি বেনাপোল-পেট্রাপোলে খোঁজ নিয়েছি—ভারতীয় গরু সেখানে নেই। আমাদের খুলনার ডুমুরিয়াসহ তিনটি বড় হাটে ভারতীয় গরু ঢোকেনি।’

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার কোরবানির জন্য গরুর চাহিদা ১০ থেকে ২০ শতাংশ বাড়লেও তা দেশীয় গরু থেকেই পূরণ করা সম্ভব ছিল।

গরু ফেরত নিয়েও বিপাকে খামারি-ব্যবসায়ী : এবার কুষ্টিয়া, যশোর, রাজশাহী, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ঢাকা ও চট্টগ্রামের কোরবানির হাটে দাম কমে যাওয়ায় ঈদের হাটফেরত গরু নিয়ে বিপাকে আছে গরু খামারি ও ব্যাপারীরা। দেশের এই দুটি অঞ্চলের সবচেয়ে বড় হাটগুলোতে আশানুরূপ দাম না পাওয়ায় অসংখ্য গরুর ব্যাপারী তাদের গরু ফিরিয়ে নিয়ে গেছে নিজ নিজ জেলায়। আবার অনেকেই ক্ষতি মেনে নিয়েই কম দামে গরু বিক্রি করেছে।

গত মঙ্গলবার রাতে গাবতলী কোরবানির পশুর হাটে শেষ রাত পর্যন্ত অপেক্ষায় ছিল হতাশ ব্যবসায়ীরা—যদি একটু বেশি দাম মেলে। ঈদের দিন সকালেও আফতাবনগর হাটে গরু নিয়ে বসে ছিল কিছু ব্যবসায়ী। বিভিন্ন হাটের ব্যবসায়ীরা ন্যায্য দাম না পেয়ে বাড়ি যেতে ট্রাক খুঁজছিল। তবে পাচ্ছিল না। রাজশাহীর গরু ব্যবসায়ী নজর আলী কালের কণ্ঠকে বলেন, প্রতিটি গরু ঢাকায় আনতে তিন হাজার টাকা খরচ করেছিলাম। রাজশাহী যাওয়ার জন্য পরে সময়মতো ট্রাক না পেয়ে আরো বাড়তি হাজার টাকা পকেট থেকে দিতে হয়েছে। ২০টির মধ্যে সাতটি গরু বিক্রি হয়েছে। বাকিগুলো দুই মাস পালতে হবে। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে গত সোমবার থেকে গরু ঢোকানো হয়েছিল। তাই পরদিন দেশি গরুর দাম কমে যায়। আবার কয়েকটি হাটে তার আগে থেকেই দাম কম উঠেছিল।

জানা গেছে, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, যশোরসহ বিভিন্ন জেলার খামারি ও ব্যবসায়ীরা এখনো দুই চোখের জলে ভাসছে। রাজশাহীর ব্যবসায়ী ফখরুল ইসলাম ঢাকার আফতাবনগর হাটে ১৭টি গরু নিয়ে এসেছিলেন। ১৩টি বিক্রি করতে পারেন। চারটি ফিরিয়ে নিয়ে যান ১৪ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে। গত রাতে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, যে গরুর দাম দুই লাখ ২০ হাজার টাকা সেটার দাম উঠেছে এক লাখ ৬১ হাজার টাকা। এবার লস হয়েছে। রাজশাহীর বিভিন্ন হাটে ভারতীয় গরু উঠেছিল বলে তিনি জানান। রাজশাহীর কয়েকটি সীমান্ত দিয়ে চোরাকারবারিদের সঙ্গে চুক্তি করে গরু আনা হয়েছে বলে অভিযোগ এ ব্যবসায়ীর।

কুষ্টিয়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বাজার থেকে ফেরত নিয়ে আসা গরু এখন কেনা দামের অর্ধেকেও বেচতে পারছে না ব্যাপারীরা। বরং ফেরত আনা গরু অসুস্থ হয়ে পড়ায় সেগুলো নিয়ে হিমশিম খাচ্ছে ব্যাপারী ও খামারিরা। ব্যবসায়ীরা বলছে, ভুঁইফোড় ব্যবসায়ীদের অতি লোভের কারণেই এবার গরু ব্যবসার এমন হাল হয়েছে। আবার মোটাতাজা গরুর চেয়ে ক্রেতারা এবার দেশি ছোট গরুর দিকে ঝুঁকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কুষ্টিয়ার লক্ষ্মীপুরের গরু ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘আমার দুটি গরু কুষ্টিয়ার বাজারে ছয় লাখ টাকা দাম উঠেছিল। সেই গরু চট্টগ্রাম নেওয়ার পর চার লাখ টাকা দাম ওঠায় ফেরত এনেছি।’ তিনি জানান, ওই দামে গরু বিক্রিতে লোকসান হবে। জেলার কুমারখালীর গরু ব্যবসায়ী আজাদ জানান, পাঁচ লাখ টাকায় তিনি তিনটি গরু কিনে এবার ঢাকার বনরূপা হাটে নিয়ে এসেছিলেন। কিন্তু বেচতে না পেরে তিনি ফেরত এনেছেন। সূত্র: কালের কণ্ঠ