প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড ঋষভের, যে রেকর্ডে আছেন চার বাংলাদেশিও
স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্টেই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত৷ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অন্যরকম কীর্তি স্থাপন করেছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷ অভিষেক ম্যাচে ছক্কা হাঁকিয়ে খোলেন টেস্টে রানের খাতা।
ভারতের ইনিংসে কোহলির আউটের পর টেস্টে প্রথমবার ব্যাট করতে নামেন ঋষভ পান্ত৷ মাঠে নেমেই স্পিনার রাশিদের মুখোমুখি হতে হয় পান্তকে৷ রাশিদের প্রথম বলটা মেপে নেন৷ পরের বলে একেবারে টি-টোয়েন্টির মেজাজে বাউন্ডারির বাইরে পাঠি দেন ঋষভ৷ নবাগত পান্ত এভাবে তার দ্বিতীয় বলেই ছক্কা হাঁকাবে বিশ্বাস করতে পারেননি রাশিদ৷আর তাতেই রেকর্ডবুকে নাম তুলে ফেলেছেন বাঁ-হাতি তরুণ ব্যাটসম্যান৷
ঋষভই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্টে কেরিয়ারে রানের খাতা খুললেন ছয় মেরে৷অতীতে ভারতীয় কোনও ব্যাটসম্যানের এই নজির নেই৷বিশ্বক্রিকেটে ইতিহাসে এখনও পর্যন্ত সবমিলিয়ে মোট ১২ জন
ক্রিকেটারের ঝুলিতে এই বিরল নজির রয়েছে৷যার মধ্যে ভারতীয় ব্যাটসম্যান পান্থ তৃতীয় ক্রিকেটার যিনি অভিষেক ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েছেন৷
ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টেস্ট ইনিংস শুরুর নজির রয়েছে অস্ট্রেলিয়ার এরিক ফ্রিম্যানের৷ ১৯৬৮ সালে ব্রিসবেনে ভারতের সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল ফ্রিম্যানের। সেই টেস্টে আট নম্বরে নেমে শুরুতেই ছয় হাঁকিয়েছিলেন৷ ওয়েস্ট ইন্ডিজের কার্লিসেল বেস্ট, জিম্বাবুয়ের কিথ দাবেংওয়া, বাংলাদেশের শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, আল আমিন ও কামরুল ইসলাম রাব্বীর এই কীর্তি রয়েছে৷ এর মধ্যে নিউজিল্যান্ডের মার্ক ক্রেগের কীর্তিটা আবার অন্যরকম। টেস্টের প্রথম বল ফেস করেই ছয় মেরেছিলেন ক্রেগ৷
অভিষেক টেস্টে ছক্কা মেরে রানের খাতা খুলেছেন যারা:
এরিক ফ্রিম্যান (অস্ট্রেলিয়া) ১৯৬৮, দ্বিতীয় বলে ছক্কা মারেন।
কার্লিসেল বেস্ট (উইন্ডিজ) ১৯৮৬, তৃতীয় বলে ছক্কা মারেন।
কিথ দাবেংওয়া (জিম্বাবুয়ে) ২০০৫, ১৬তম বলে ছক্কা মারেন। ডেলে রিচার্ডস (উইন্ডিজ) ২০০৯, চতুর্থ বলে ছক্কা হাঁকান।
শফিউল ইসলাম (বাংলাদেশ) ২০১০, সপ্তম বলে ছক্কা মারেন।
জহুরুল ইসলাম (বাংলাদেশ) ২০১০, সপ্তম বলে ছক্কা মারেন।
আল আমিন (বাংলাদেশ) ২০১৪, সপ্তম বলে ছক্কা হাঁকান।
মার্ক ক্রেগ (নিউজিল্যান্ড) ২০১৪, প্রথম বলেই ছক্কা মারেন।
ধনঞ্জয় ডি সিলভা (শ্রীলঙ্কা) ২০১৬, পঞ্চম বলে।
কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ) ২০১৬, বিশতম বলে ছক্কা।
সুনীল অ্যামব্রিস (উইন্ডিজ) ২০১৭, চতুর্থ বলে ছক্কা মারেন।
ঋষভ পান্থ (ভারত) ২০১৮, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান।











