তাপপ্রবাহে অতিষ্ঠ জীবন, সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: ভাদ্রের শুরুতেই তালপাকা গরমের মুখে পড়েছে ঢাকাসহ প্রায় সারা দেশের মানুষ। চট্টগ্রাম বিভাগ ছাড়া সব অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।
আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের কারণে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু (বর্ষা) নিষ্ক্রিয় হয়ে পড়ায় বর্ষা মৌসুমে এই বৃষ্টিহীনতা। মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে। আগামী সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।
প্রচণ্ড গরমের মধ্যে ঢাকায় মাঝে মঝে ছিঁটেফোটা বৃষ্টির দেখা মিলছে। কিন্তু তা তো প্রশান্তি আনছেই না বরং গরম দুঃসহ করে তুলছে। তবে গরমে জীবিকার তাগিদে পথে নামা শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেশি। গরমে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। শিশুদের কষ্টটা আরও বেশি।
শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘সোমবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সমুদ্রে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপ হিসেবে ভারতে অবস্থান করছিল। পরে এটি দুর্বল হয়ে ফের লঘুচাপে পরিণত হয়েছে। তাই সিস্টেমটি (মৌসুমী বায়ু) ওদিকে চলে গেছে, আমাদের এখানে ড্রাই (বৃষ্টিহীন) হয়ে গেছে। কিছু কিছু স্থানে তাপপ্রবাহও বইছে। মৌসুমী বায়ু সক্রিয় হলে আগামী পরশু দিন থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।’
কাগজে কলমে বাংলা সনের আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল হলেও মৌসুমী বায়ু সেপ্টেম্বরের শেষ অবধি বাংলাদেশে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার ভাদ্র মাসের ৩ তারিখ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৫৩ মিলিমিটার। এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। এছাড়া বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসহ ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে।
সন্ধ্যা ৬টার পূর্বাভাস প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরজমান রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সূত্র: জাগো নিউজ











