বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একত্র হচ্ছে না চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক

news-image

একত্রীকরণের মাধ্যমে ব্যাংকের লোকসান ঠেকানো সম্ভব নয়। এজন্য ১ বছরের মধ্যে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক একত্রীকরণের নীতিমালা প্রণয়নে অর্থমন্ত্রণালয়ের নির্দেশও বাস্তবায়ন হয়নি। অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মধ্যে একত্রীকরণে এখনও কোনো উৎসাহ নেই বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের একজন কর্মকর্তা জানান, ব্যাংকগুলোর একত্রীকরণ কোনো সমাধান নয়। একত্রীকরণ হচ্ছে না। লোকসানি ব্যাংকগুলোকে একত্র করলে কোনো সুফল পাওয়া যাবে না। ভালোর সঙ্গে খারাপ মেশালে খারাপ ভালো হয়ে যায় না। একত্রীকরণে ভালো ব্যাংকগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে। এজন্য সুশাসন নিশ্চিত করতে হবে। সন্ত্রাস বা মাদকের ন্যায় ব্যাংকিং খাতে অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ দরকার। খেলাপিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে। জব্দ করতে হবে তাদের পাসপোর্ট। আইনের আশ্রয়ে তাদের কারাগারে পাঠাতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে,বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) একীভূত করার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। গেল বছরের ২৬ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের করা এসব পুনর্গঠনের বিষয়ে ১১৩টি সুপারিশ এসেছে। সুপারিশগুলো পর্যালোচনা করে বৈঠকও করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পুনর্গঠনের খসড়া অর্থমন্ত্রীকে দেখানো হয়েছে। তিনি সেখানে কিছু পরিবর্তন ও পরিবর্ধন আনার পরামর্শ দিয়েছেন। এগুলো যাচাই বাছাইও হয়েছে। কিন্তু পরে আর কোনো অগ্রগতি হয়নি। তবে অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাংক একীভূত করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সরকারি ব্যাংকের মালিক সরকার। বাংলাদেশ ব্যাংকের আইন ও নীতি অনুসারে একীভূত করণে আইনি জটিলতা রয়েছে। এজন্য নীতিমালা প্রণয়নে দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশের নীতিমালা গবেষণা করা হয়। একীভূত হলেও এসব ব্যাংকের সমস্যা সমাধান হবে না। তাছাড়া একত্রীকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংক,অর্থমন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেও কোনো তৎপরতা নেই। তবে সংশ্লিষ্ট ব্যাংক বা সরকার চাইলে একত্রীকরণ সম্ভব।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.এ বি মির্জা মো. আজিজুল ইসলাম মনে করেন, রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক একত্রীকরণে কোনো সুফল আসবে না। একত্রীকরণ হবে অযৌক্তিক। তিনি বলেন, চারটি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিডিবিএল এর কার্যক্ষেত্র ও সেবাদানের চরিত্র আলাদা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহীর কৃষি উন্নয়নে ঋণ দেয় আর বিডিবিএল ঋণ দিয়ে থাকে শিল্প খাতের বিকাশে। এজন্য এসব ব্যাংক একত্র করা ঠিক হবে না।

বাংলাদেশ ব্যাংকের মতে,ব্যাংকগুলোর সমস্যা নন-পারফরমিং লোন এবং ঋণ দিলে ঋণ আদায় হয় না। এ জন্য সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দিতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।